নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া হয়।
লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতা শুক্কুর আলী বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতাউর লাউসার এলাকার বাসিন্দা হওয়ায় প্রভাব খাঁটিয়ে বিভিন্ন সময়ে স্কুলের কাজে অনিয়ম করেছেন। সরকার প্রত্যেক শিক্ষার্থীকে বিনা মূল্যের বই দিয়েছে। এটা সরকারের সাফল্য। অথচ বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে নিয়ে তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন তদন্ত করে ঘটনার সত্যতা পান।
শাহনাজ পারভীন বলেন, বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।