অর্থ বরাদ্দ না থাকায় কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে অর্থ বরাদ্দ না থাকায় একটি সড়ক পাকাকরণের কাজ বন্ধ রয়েছে। এতে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী ১২ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজার-শালফা বাজার সড়কের এক কিলোমিটার পাকাকরণের জন্য ২০১১-১২ অর্থবছরে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠোমো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) আওতায় ৩৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান বগুড়ার ঠিকাদার আবুল হাছনাত। গত বছরের ৩১ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় ঠিকাদার যথাসময়ে কাজ শেষ করতে পারেনি।মুঠোফোনে ঠিকাদারের প্রতিনিধি আবদুল মান্নান জানান, এ পর্যন্ত ওই সড়কের উন্নয়নকাজ করতে গিয়ে তাঁদের প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এখনো তাঁরা কোনো টাকা তুলতে পারেননি।খানপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, পাকাকরণের কাজ দ্রুত শেষ করার জন্য একাধিকবার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাদের তিনি তাগিদ দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।খানপুর গ্রামের মোহামঞ্চদ আলী বলেন, ‘সড়ুকডা পাকা করার কথা শুইনা আনন্দই পাছিলাম। এখুন হেই সড়ুকডা গেরামের লোকজুনের কাছে কষ্ট হইয়া দাঁড়াইছে।’দড়িখাগা গ্রামের সমশের আলী জানান, খোঁড়াখুঁড়ি করে রাখায় এখন সড়ক দিয়ে হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে। উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম জানান, প্রকল্পের বিপরীতে বর্তমানে কোনো অর্থ বরাদ্দ নেই। তবে আগামী জুন মাসে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। টাকা পেলে ঠিকাদারকে দিয়ে সড়কের কাজ শেষ করা হবে।