বাংলাদেশের সাবেক ৫১টি ছিটমহল গত শুক্রবার ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। সেখানকার ১৫ হাজার বাসিন্দা ভারতের নাগরিকত্ব পেয়েছে। ছিটমহলজুড়ে বইছে খুশির হাওয়া।
এদিকে কলকাতার একটি দৈনিক জানিয়েছে, এসব ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার এর আগে যে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছিল, এখন তা কমিয়ে দিতে চাইছে। এতে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের পর মোদি সরকার ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য ৩ হাজার ৮ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দৈনিকটির খবর অনুযায়ী, এখন কেন্দ্রীয় সরকার ফের পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এই খাতে ৫০ কোটি টাকার বেশি দিতে পারছে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয় থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এ বার্তাও দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারটির ফয়সালা করবে। এ মাসের ১০ থেকে ১২ তারিখ মমতা নয়াদিল্লি যাবেন। সেই সময় মমতার সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন মোদি। তার আগে মোদি এ বিষয়টি নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে।
কিন্তু হঠাৎ করে কেন কেন্দ্রীয় সরকার এ বরাদ্দ কমিয়ে দিতে চাইছে—এর একটা ব্যাখ্যা দিয়েছে কলকাতার পত্রিকাটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে ধারণা করা হয়েছিল বাংলাদেশের ছিটমহলে থাকা ৩৭ হাজার ৩৬৯ জন বাসিন্দার সবাই ভারতে চলে আসবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল থেকে ভারতে ফিরে আসছে মাত্র ৯৭৯ জন। এদের পুনর্বাসনের জন্য মাথাপিছু পাঁচ লাখ টাকা করে দেওয়া হলেও ৫০ কোটি টাকা খরচ হওয়ার কথা নয়। এসব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার বরাদ্দের টাকা কমিয়ে দিচ্ছে।