অর্থ বরাদ্দের তারিখ জটিলতায় আটকে আছে নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্বর নির্যাতনে নিহত সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজনের (১৩) স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ সাংসদের অর্থ বরাদ্দের তারিখ জটিলতায় আটকে আছে বলে জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ।

গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘এক বছরেও নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালে সাংসদের অর্থ বরাদ্দের নথি থেকে আবদুল আহাদ জানান, রাজন হত্যার ঘটনা ঘটেছিল গত বছরের ৮ জুলাই। কিন্তু এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিশু নির্যাতন প্রতিরোধ স্তম্ভ নির্মাণ করতে সাংসদ যে অর্থ বরাদ্দ দেন, তা ওই বছরের ৩০ জুন অনুমোদন করা। অর্থ বরাদ্দের এই তারিখ জটিলতা সংশোধনের জন্য অপেক্ষা করতে গিয়ে এক বছর চলে গেছে। বিষয়টি সাংসদকে অবহিত করে নির্মাণকাজ শুরু করা হবে।

জালালাবাদ থানার কুমারগাঁও বাসস্টেশনের কাছে চুরির মিথ্যা অভিযোগে পৈশাচিক নির্যাতন করে হত্যা করা হয় রাজনকে। দেশে-বিদেশে আলোচিত এ ঘটনায় শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংরক্ষিত নারী আসনের স্থানীয় সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ‘শিশু নির্যাতন প্রতিরোধ স্তম্ভ’ নির্মাণের ঘোষণা দিয়ে জেলা পরিষদকে তাৎক্ষণিক এক লাখ টাকার অর্থ বরাদ্দ দেন।

রাজনের বাড়ি জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামে। তার বাবা শেখ আজিজুর রহমান পেশায় মাইক্রোবাসচালক। টানাপোড়েনের সংসারে রাজন সবজি বিক্রি করে পরিবারকে সহায়তা করত।