অর্থ মন্ত্রণালয়ের এসআরও গ্রহণ করেছেন আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোসংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশ (এসআরও) গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা সংশোধনের বিষয়ে রাষ্ট্রপক্ষকে ছয় সপ্তাহ সময় দিয়ে আগামী ১১ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বেশ কয়েক দফা সময় নেয় সরকার।

২ জুন অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে অফিস আদেশ জারি করে। এটা যুক্ত করে গতকাল রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশে সংশোধিত ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতা) আদেশ, ২০০৯ গ্রহণ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনে দুই মাস সময়ের আবেদন জানায়। পরে শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মাসদার হোসেন মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমীর-উল ইসলাম।

সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘নিম্ন আদালতের বিচারকদের নতুন বেতনকাঠামো’ শীর্ষক প্রতিবেদনে কিছু তথ্য গরমিল হয়েছে। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের জারি হওয়া আদেশে ছয়টি ধাপে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের যে পরিবর্তন করা হয়েছে, তা নিম্নরূপ। সংশোধিত স্কেল অনুযায়ী জেলা ও দায়রা জজদের বিদ্যমান বেতন স্কেল ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৬ হাজার টাকা। এ ছাড়া অতিরিক্ত জেলা জজদের বেতন স্কেল ২৫ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা, যুগ্ম জেলা জজদের স্কেল ২২ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২৮ হাজার টাকা, জ্যেষ্ঠ সহকারী জজদের ১৮ হাজার ৫০০ টাকা থেকে ২৩ হাজার টাকা, চার বছর পূর্ণ হওয়ার পর সহকারী জজদের বেতন স্কেল ১৫ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা এবং ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। 

জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তারা পাঁচ বছর চাকরি পূর্তিতে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বা সমপর্যায় হিসেবে ৪০ হাজার টাকা নির্ধারিত স্কেলে বেতন পাবেন।

জুডিশিয়াল সার্ভিসের সার্বক্ষণিক বিচারকাজে নিয়োজিত ব্যক্তিদের বার্ষিক পোশাক ভাতা পাঁচ হাজার টাকা, মাসিক আপ্যায়ন ভাতা জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের ৮০০ টাকা এবং চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ৪৫০ টাকা, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের মাসিক ডোমেস্টিক এইড অ্যালাউন্স এক হাজার ২০০ টাকা। চৌকি কোর্টে পদায়িত পদায়িত জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে চৌকি ভাতা পাবেন। এগুলোর সবই চলতি বছরের ৮ এপ্রিল থেকে কার্যকর।