অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা না থাকায় আবুল কালামের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি ঘাটতি বাজেট এবং শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বরাদ্দ কমে যাওয়ায় প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন।
গতকাল রোববার সংসদ অধিবেশনের শুরুতে উপস্থিত থাকলেও আবুল কালাম আজাদের বক্তব্যের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন না।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘সংসদ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে সংসদে কথা বলেন। কিন্তু সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন না। অর্থমন্ত্রীও এখন নাই। অর্থমন্ত্রী যদি না থাকেন, তাহলে সংসদ সদস্যরা কী বক্তব্য দিচ্ছেন, সেটা কীভাবে দেখা হবে।’
স্পিকারকে উদ্দেশ্য করে আবুল কালাম আজাদ বলেন, ‘দেখেন কর্মকর্তারা কেউই নেই। সংসদীয় গণতন্ত্রের মূল কথা হচ্ছে, সংসদে পরামর্শ, আলাপ-আলোচনার ভিত্তিতে যা কিছু উঠে আসবে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। অথচ সংসদে আলোচনার পর মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় না।’ তিনি মন্তব্য করেন, বাজেট কীভাবে বাস্তবায়িত হবে, সেই বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। তিনি বলেন, ‘ইনকাম ট্যাক্সের কথা বহুবার বলেছি। দেশের ১৬ কোটি মানুষ। এনবিআর কত জনের কাছ থেকে ট্যাক্স নেয়। গ্রামে দেখি কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। তারা ট্যাক্স দেয় না। তাদের জিজ্ঞেস করি, ট্যাক্স দাও কি না? তারা বলে, কেউ তো দিতে বলেনি। যারা জানে, তারা বলে, ট্যাক্সের পদ্ধতি এমনভাবে করে রেখেছেন, কীভাবে দেব।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘শিক্ষা খাতে বরাদ্দ কম হলে দক্ষ মানুষ কোথায় পাবেন? বিশ্ব যেখানে এই খাতে বরাদ্দ বাড়াচ্ছে, সেখানে আমাদের কমছে।’
সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর দাবি করে সাবেক মন্ত্রী দীপু মনি বলেন, ট্রাক্টরকে ট্রাকের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার।