অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অভিযোগপত্রে নাম থাকা অপর ছয়জন হলেন শরিফুলের আত্মীয় সাদিকুল ইসলাম, তানভীর সরকার, ফিরোজ কবির, মুরাদ মোর্শেদ, সুফিয়া সরকার ও শরিফুলের স্ত্রী খাদিজা খাতুন। এ ছাড়া ডাক, তার ও দূরালাপনী অডিট অধিদপ্তরের উপপরিচালক জেবুন্নেসা হায়দারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। দুদকের সূত্র জানায়, শিগগিরই ওই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
সূত্র আরও জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইলেকট্রনিক প্রক্রিয়ায় বেতন-ভাতা হস্তান্তর বিষয়ে শরিফুল ইসলাম প্রশিক্ষণ পাওয়া কর্মকর্তা। শরিফুল তাঁর ভাই, বোন, ভাগনে ও স্ত্রীকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁদের নামে ডাচ্-বাংলা ব্যাংকে ভুয়া হিসাব খোলেন। ওই সব হিসাবের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হিসাবটি যুক্ত করে দিয়ে এক কোটি ৩৩ লাখ টাকা হস্তান্তর করেন। এই টাকা আত্মসাতের ঘটনায় ২০১২ সালের ১৭ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করেন দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান।
ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ: ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল এ কে এম শহীদুল্লাহ নামের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
দুদক গত ৩ নভেম্বর মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুসা বিন শমসেরকে ১৮ ডিসেম্বর দুদকে তলব করা হয়েছে।