২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।আরেক উপদেষ্টা আকবর আলি খান মুঠোফোনে কর আরোপের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘যেসব গরিব মানুষ মোবাইলে কথা বলেন, তাঁদের ওপর করারোপ করার আইনগত বৈধতা সরকার কোথায় পেল? যেসব মানুষ করযোগ্য আয় করেন না, তাঁদের ওপর কর বসানোর কোনো আইন নেই। কেউ যদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেন, তাহলে সম্প্রতি বিচারপতিরা যেভাবে তাঁদের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছেন, অর্থ মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তাকেও সেভাবে আদালতে দাঁড় করিয়ে রাখা প্রয়োজন।’ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত বাজেট-পরবর্তী এক আলোচনা সভায় সাবেক এ দুই উপদেষ্টা এসব মন্তব্য করেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ড. আকবর আলি খানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ আমিনুল করিম প্রমুখ বক্তব্য দেন।প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয় উল্লেখ করে বিনায়ক সেন বলেন, চলতি অর্থবছরে বাজেটের আকার জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। প্রস্তাবিত বাজেটের আকারও জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। সরকারি ব্যয় ও মূল্যস্ফীতির কারণে বাজেটের আকার আরও বড় হতে পারত। তিনি মনে করেন, মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।