অর্থ লেনদেন করে ২৯টি বই পাঠ্য তালিকাভুক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতি অর্থ লেনদেন করে একটি প্রকাশনীর ২৯টি বই পাঠ্য তালিকাভুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এখানকার শিক্ষার্থীদের দুটি সহপাঠ বইয়ের স্থলে চার-পাঁচটি বই কিনতে বলা হচ্ছে। যার জন্য প্রতি শিক্ষার্থীকে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বছর মাধ্যমিকে বিনামূল্যে বই সরবরাহ করে। এনসিটিবির সরবরাহ করা বইয়ের বাইরে প্রতি শ্রেণীতে সহপাঠ হিসেবে দুটি করে বই পড়ানোর নিয়ম রয়েছে। এর বাইরে আর কোনো বই কেনার প্রয়োজন নেই।অভিযোগে জানা যায়, সম্প্রতি যশোর শহরের হাসান বুক ডিপোর জননী প্রকাশনীর কাছ থেকে ১৪ লাখ টাকা অনুদান হিসেবে নেয় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। এরপর সমিতির এক সভায় ওই প্রকাশনীর ২৯টি বই সহপাঠের নাম করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যতালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশনীর পক্ষ থেকে সমিতির নামে পাঠ্যপুস্তকের তালিকা ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয় ও বইয়ের দোকানে পাঠানো হচ্ছে।ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ওই প্রকাশনীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে এবং এই টাকা বিভিন্ন বিদ্যালয়ে ভাগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ সাড়ে তিন লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, অষ্টম শ্রেণীতে একটি বৃত্তি চালু করা হবে। তাই অনুদান হিসেবে ওই অর্থ নেওয়া হয়েছে।ঝিকরগাছার বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘জননী প্রকাশনীর বই পাঠ্য তালিকাভুক্ত করায় এই প্রকাশনী ভালোবেসে আমাদের ২২ হাজার টাকা দিয়েছে।’প্রকাশনীর পক্ষ থেকে সমিতির নামে সরবরাহ করা পাঠ্যতালিকায় দেখা গেছে, ষষ্ঠ শ্রেণীর জন্য জননী বাংলা ব্যাকরণ ও রচনা, বেসিক কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, জননী ইংলিশ র্যাপিড রিডার, জননী আনন্দ পাঠ ও ছোটদের কম্পিউটার শিক্ষাসহ মোট পাঁচটি বই রয়েছে। একই নামের বই তালিকাভুক্ত করা হয়েছে সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্যও। এ ছাড়া নবম শ্রেণীর জন্য জননীর ওই দুটি ব্যাকরণ ও গ্রামার এবং দশম শ্রেণীর জন্য জননী অবজেকটিভ টেস্টপেপার ও সাজেশনন্স পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় আরও আছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য জননীর চারটি নৈর্ব্যক্তিক বই।শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী দীপা জানায়, সে এখনো সহপাঠের বই কেনেনি। তবে বিদ্যালয় থেকে কেনার জন্য বলা হয়েছে। অপর কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, শিক্ষক নেতাদের বই-বাণিজ্যের কারণে প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০ থেকে ৬০০ টাকার বই কিনতে হচ্ছে।এ ব্যাপারে হাসান বুক ডিপো যশোরের ব্যবস্থাপক জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতিকে এত টাকা দেওয়া হয়নি। তবে সমিতির পিকনিক ও বার্ষিক সাধারণ সভাসহ বিভিন্ন কার্যক্রমের খরচের জন্য কিছু অর্থ দেওয়া হয়েছে। শার্শা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, ‘এমপি সাহেবের পছন্দ অনুযায়ী বইগুলো পাঠ্যপুস্তকে তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।’ বই তালিকাভুক্তির পরামর্শ দেওয়ার প্রসঙ্গে যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ছাত্রদের জন্য প্রয়োজনীয় বইগুলোই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছিল। তারা কী করেছে পরে আর দেখা হয়নি।