বড় অঙ্কের অর্থ স্থানান্তরের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বেচা-কেনা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও অর্থ স্থানান্তর বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের সময় কিংবা নিরাপত্তাসংক্রান্ত ব্যাপারে পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে।
এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের সহযোগিতা নিতে হলে সংশ্লিষ্টদের যানবাহনের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। এ ক্ষেত্রে কাউকে কন্ট্রোল রুমের নম্বর ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১ অথবা ডিএমপির নম্বর ৯৯৯-২২২২ ও ২২২৩ ডায়াল করতে হবে।