অর্থকষ্টে কক্সবাজারের এক হাজার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার ২৫২টি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার আটজন শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে তাঁদের অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে। এই শিক্ষকদের চাকরি গত ২৪ জুন জাতীয়করণ করা হয়। সদর উপজেলার পিএমখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের (শিক্ষকদের) চাকরি জাতীয়করণ করা হয়। এরপর আগস্ট মাস পর্যন্ত বেতন স্কেল অনুযায়ী শিক্ষককে মাসিক পাঁচ হাজার ১০০ টাকা করে পরিশোধ করা হয়। কিন্তু গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জেলার ২৫২টি নিবন্ধিত ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার আটজন শিক্ষককে জাতীয়করণ করা হয়। জনপ্রতি মাসিক বেতন পাঁচ হাজার ১০০ টাকা হিসাবে চার মাসের বিপরীতে দুই কোটি পাঁচ লাখ ৬৩ হাজার ২০০ টাকা বকেয়া রয়েছে।

উখিয়া উপজেলার দক্ষিণ হলদিয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম বলেন, চার মাসের ২০ হাজার ৫০০ টাকার বেতন না পেয়ে তিনি ইতিমধ্যে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে সংসারের পেছনে ব্যয় করেছেন।

উখিয়ার পশ্চিম হলদিয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ হোসেন বলেন, ‘চাকরির বেতনে আমাদের সংসার চলে। চার মাসের বেতন বন্ধ। এতগুলো শিক্ষক চলছে কী করেন, কেউ খোঁজও নিচ্ছেন না। ধারদেনা করে কত দিন চলা যায়?’

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি নজরুল ইসলাম বলেন, মানুষ গড়ার এক হাজার কারিগর চার মাস ধরে দুর্ভোগে দিন কাটালেও বকেয়া বেতন পরিশোধ নিয়ে কারও মাথাব্যথা নেই। সংশ্লিষ্ট দপ্তরে দেনদরবার করেও বকেয়া বেতন আদায় করা যাচ্ছে না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া বলেন, আগে শিক্ষকদের বেতন দেওয়া হতো বেসরকারি খাত থেকে। এখন দেওয়া হচ্ছে সরকারি রাজস্ব খাত থেকে। কিন্তু প্রক্রিয়াগত সমস্যার কারণে বরাদ্দ বন্ধ থাকায় শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করা যাচ্ছে না। বকেয়া বেতনের জন্য প্রতি মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হচ্ছে। কিন্তু বরাদ্দ মিলছে না।