অর্থদণ্ড ও মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গত বৃহস্পতিবার রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২)। বাল্যবিবাহ প্রতিরোধে কর্মরত বেসরকারি সংস্থা ডেভেলপ দ্য ভিলেজের কর্মকর্তার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ওই ছাত্রী রক্ষা পেয়েছে।
উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ওই মেয়ে দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ডেভেলপ দ্য ভিলেজের নির্বাহী পরিচালক মোরশেদ মানিক জানান, গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বিয়ের লগ্ন ছিল। আগেই বিষয়টি জানতে পেরে মোরশেদ মানিক বুধবার ওই ছাত্রীর বাবাকে বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক জানান এবং বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে বলেন। ওই ছাত্রীর বাবা এতে রাজি না হলে তিনি বৃহস্পতিবার বিষয়টি ইউএনওকে জানান। ইউএনও তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামকে ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলম গিয়ে বিয়ে বন্ধ করেন এবং কনের বাবাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন।
ইউএনও মনিরুজ্জামান আল মাসউদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।