অর্থদণ্ড প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার দায়ে ছয় শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের ওই অর্থদণ্ড প্রত্যাহারের দাবিতে আজ সোমবার উপজেলার সব পরীক্ষার কেন্দ্রের হল পর্যবেক্ষকেরা কালো ব্যাজ ধারণ করেন।
রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বানে হল পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গণিতের পরীক্ষা চলাকালে উপজেলার কেন্দ্রগুলোতে ইউএনও কাজী মাহবুব উল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় পরীক্ষায় শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে রামগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, রামগঞ্জ বেসরকারি উচ্চবিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে হল পর্যবেক্ষককের দায়িত্বে থাকা ছয়জন শিক্ষককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের হল পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ফারুকের দাবি, ইউএনও অন্যায়ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিক্ষকদের অর্থদণ্ড দিয়েছেন, পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং ওই শিক্ষকদের টেনেহিঁচড়ে ইউএনওর গাড়িতে তুলে অপমান করেছেন। ইউএনওর এই অন্যায় দণ্ডাদেশের প্রতিবাদে আজ তাঁরা কালো ব্যাজ ধারণ করেছেন।
শিক্ষকদের দেওয়া দণ্ড প্রত্যাহার করা না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়া হবে—এমন দাবি করে মঞ্জুরুল হক ফারুক বলেন, এ ব্যাপারটি স্থানীয় সাংসদকে জানানো হয়েছে।
কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা রামগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সৌরভ হোসেনের ভাষ্য, শিক্ষকদের ওপর অন্যায়ভাবে অর্থদণ্ড করার প্রতিবাদে তাঁরা এ কালো ব্যাজ ধারণ করেছেন।
এ ব্যাপারে উপজেলার ইউএনও কাজী মাহবুব উল আলমের দাবি, বিধি অনুযায়ী ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।