শুল্কায়নের নতুন পদ্ধতিতে অনলাইনে আমদানি-রপ্তানি পণ্য চালানের তথ্য প্রদানে দেরি করার কারণে সাম্প্রতিক সময়ে বেশকটি ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানকে জরিমানা করছে কাস্টমস হাউস।
তবে জরিমানা করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করে তা স্থগিত করার আবেদন জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন (বাফা)। গত মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস কমিশনার মাসুদ সাদিককে এক চিঠিতে এ আবেদন জানায় সংগঠনটি।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী চিঠিতে জানান, রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী ফ্রেইট ফরোয়ার্ডারদের যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য ‘আরবিট্রেশন’ কমিটি গঠন করে অভিযোগ নিষ্পত্তির বিধান রয়েছে। অথচ এই কমিটি গঠন না করে কারণ দর্শানো নোটিশ প্রদান করে এবং ব্যক্তিগত শুনানি নিয়ে অর্থদণ্ড আরোপ করা হচ্ছে।
বাফার পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ফ্রেইট ফরোয়ার্ডাররা কেন বিলম্বে আমদানির তথ্য প্রদান করছে, তা খতিয়ে দেখা দরকার। এরপরই কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ কেউ ইচ্ছে করে দেরিতে তথ্য প্রদান করছে না। জরিমানা কোনো সমাধান নয়।
২০১৩ সালের ১ জুলাই থেকে অনলাইনে আমদানি-রপ্তানি পণ্যের তথ্য বা ই-মেনিফেস্ট প্রদান করতে হয়।
নির্ধারিত সময়সীমার মধ্যে এসব তথ্য প্রদান না করলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানকে জরিমানা করছে কাস্টমস কর্তৃপক্ষ।