অর্থদণ্ডের টাকা পরিশোধ করলেন দুই মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রী তাঁদের অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা ওই অর্থদণ্ড পরিশোধ করেছেন বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, অর্থদণ্ড পরিশোধের রশিদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।

গত ২৭ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ।

দুই মন্ত্রীকে সাত দিনের মধ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন বাংলাদেশে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ৫ মার্চ খাদ্যমন্ত্রী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানিয়েছিলেন। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ারও পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এরপর ৮ মার্চ তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন আপিল বিভাগ।