অর্থনীতি আরও ভালো হলে শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতি আরও ভালো হলে ভবিষ্যতে দেশে শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক করা হবে। তিনি গতকাল রোববার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গ্র্যাজুয়েট ও সমমানের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো গঠিত শিক্ষা ট্রাস্ট ফান্ড থেকে ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদানকালে এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়ার সুযোগ পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করার ব্যবস্থা চালুর বিষয়ে তিনি দীর্ঘদিন থেকে চিন্তাভাবনা করছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের সহায়তা দিতে সরকার এ ফান্ড গঠনে এক হাজার কোটি টাকা দিয়েছে। এ ফান্ডের অর্থের লভ্যাংশ থেকে এক লাখ ৩৩ হাজার ছাত্রীকে ৭৫ কোটি ১৫ লাখ টাকা দেওয়া হবে। একজন ছাত্রী বছরে চার হাজার ৯০০ টাকা বৃত্তি পাবে। এর মধ্যে রয়েছে মাসিক ২০০ টাকা, পরীক্ষার ফি এক হাজার টাকা ও বই কেনার জন্য দেড় হাজার টাকা। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ ফান্ডে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রতি এতে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ তহবিলে অনুদানকারীরা কর রেয়াত পাবেন।