অর্থনীতি এগিয়েছে, বিপর্যয়ে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্থানীয় ক্ষমতা কাঠামোর পুনর্বীক্ষণ: অর্থনৈতিক অগ্রগতি, পশ্চাৎপদ রাজনীতি?’ শীর্ষক গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গুলশান, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: প্রথম আলো
‘স্থানীয় ক্ষমতা কাঠামোর পুনর্বীক্ষণ: অর্থনৈতিক অগ্রগতি, পশ্চাৎপদ রাজনীতি?’ শীর্ষক গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গুলশান, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: প্রথম আলো

গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে যথেষ্ট। তবে এ সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কমেছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক চর্চার সুযোগ গেছে কমে।
‘স্থানীয় ক্ষমতা কাঠামোর পুনর্বীক্ষণ : অর্থনৈতিক অগ্রগতি, পশ্চাৎপদ রাজনীতি?’ শীর্ষক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে গবেষণা গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।
লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) অধ্যাপক ডেভিড লুইস এবং বাংলাদেশের গ্রিন ইউনিভানর্সিটির সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আবুল হোসেন এ গবেষণা পরিচালনা করেন। এ দুই গবেষক বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর ধরন অনুসন্ধানে ২০০৪ সালে বাংলাদেশের তিন গ্রামে গবেষণা করেন। ১০ বছর পর ২০১৫ সালে এসব অঞ্চলে তাঁরা আবার গবেষণা পরিচালনা করেন। তাঁদের গবেষণায় দ্বিতীয় পর্যায়ে একটি শহরেরও আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
আজ গবেষণাটির মূল উপাত্ত তুলে ধরেন ডেভিড লুইস। তিনি বলেন, ‘এটি মূলত গুণগত গবেষণা। এক দশক আগে আমরা স্থানীয় ক্ষমতা কাঠামোর একটি আশাবাদী চিত্র দেখেছি। তখন সুশীল সমাজের সঙ্গে ইউনিয়ন পরিষদ বা এর মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক ছিল সহজ। তবে এক দশক পরের বাংলাদেশে আর্থিক উন্নতি ব্যাপক হলেও এসব প্রতিষ্ঠান ক্রমে দুর্বল হচ্ছে। কারণ, এসব প্রতিষ্ঠান অনেক বেশি ব্যক্তিনির্ভর হয়ে যাচ্ছে।
লুইস বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ক্রমে সংকুচিত হচ্ছে সংসদ সদস্যদের জন্য। মানুষের প্রতি এসব প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কমছে, বাড়ছে রাজনৈতিক গোষ্ঠী তোষণ।
গবেষণা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ইউনিয়ন বা উপজেলা পরিষদে নিজ দলের লোক থাকলেই সেগুলো সংসদ সদস্যদের আনুকুল্য পায়। এসব জায়গায় বিরোধী দলের লোক থাকলে সম্পর্ক সাপে-নেউলে হয়ে ওঠে। বিরোধী মতের মানুষের কোনো খানা নেই।’
তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক ক্ষমতা এখন অনেক বেশি কেন্দ্রীভূত। জেলা বা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবদের ভাতা বেড়েছে। এ নিয়ে তারা খুশি, তারা সাধারণ মানুষকে নিয়ে ভাবে না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের পরিচালক মনজুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এন্ডার্স ওর্সট্রম। মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।