ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী উত্সব উদ্যাপন করা হয়েছে।গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনসহ বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অর্থনীতি বিভাগের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উত্সব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। অর্থনীতি বিভাগের সভাপতি এম মহসিন আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মুশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী উত্সব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমানুল্লাহ আহমদ, অধ্যাপক সদরুদ্দিন আহমেদ প্রমুখ। ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলী আরিফুর রেহমান, বিভাগের প্রাক্তন ছাত্র তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।