
এক.
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘রমণীর মন সহস্রবর্ষেরই, সখা, সাধনার ধন।’ রমণীর মন কখনো কখনো জানা যায়, কিন্তু ভোটারদের মন জানা অত্যন্ত শক্ত ব্যাপার। নির্বাচনের শেষ ব্যালটটি যতক্ষণ পর্যন্ত না গোনা হয়, অনেক ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত ভোটারদের মন জানা যায় না। কেউ কেউ বলেন, প্রতিশ্রুতি পালন করা হলে ভোটারদের মন জয় করা সম্ভব। ইতিহাসে অনেক নজির রয়েছে, যেখানে অনেক বড় অর্জনের পরও ভোটাররা সরকারকে প্রত্যাখ্যান করে। দ্বিতীয় মহাযুদ্ধে জয়লাভের পর উইনস্টন চার্চিলের দলের নির্বাচনে ভরাডুবি ঘটে।
দুই.
ভোটের রাজনীতি নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। অর্থনীতিবিদদের মধ্যে দুই ঘরানার অর্থনীতিবিদের দুই ধরনের বক্তব্য দেখা যায়। উন্নয়ন অর্থনীতিবিদদের অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে সাফল্য অর্জন করবে, তারাই জনগণের ভোট পাবে। তবে এ ধরনের ধারণার সঙ্গে মনস্তাত্ত্বিক ঘরানার অর্থনীতিবিদেরা একমত নন। মনস্তাত্ত্বিক ঘরানার অর্থনীতিবিদেরা অর্থনীতির চিরাচরিত ধারণা সম্পর্কে নানা প্রশ্ন তুলেছেন। এঁদের নেতৃত্বে রয়েছেন ড্যানিয়েল ক্যায়নেম্যান, যিনি মনস্তত্ত্ববিদ হওয়া সত্ত্বেও অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। এই ঘরানার অর্থনীতিবিদদের বক্তব্য হলো, মানুষ ঝুঁকি নিতে চায় না। তারা লাভের চেয়ে ক্ষতিকে অনেক বেশি ঘৃণা করে। রাজনীতির ক্ষেত্রে তাদের বক্তব্য হলো, মানুষ উপকারের চেয়ে অপকারের ওপর বেশি গুরুত্বারোপ করে। কাজেই সরকারের জনসমর্থন শুধু সরকার কত মানুষের উপকার করেছে, তার ওপরই নির্ভর করে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হলো, সরকার কত মানুষের অপকার করেছে। মনস্তাত্ত্বিক তত্ত্ব প্রয়োগ ছাড়াও সহজেই এ ধরনের বক্তব্যের যুক্তি ব্যাখ্যা করা সম্ভব।
তিন.
যাদের উপকার করা হয়, তারা অনেক কারণে সব সময় কৃতজ্ঞতাবোধ করে না। তার একটি বড় কারণ হলো, সরকারের দায়িত্বই হলো উন্নয়ন করা এবং সব সরকারই সেটা কমবেশি করে থাকে।
দ্বিতীয়ত, সরকারের সব কর্মকাণ্ডে সবাই সমভাবে উপকৃত হয় না। যারা বেশি উপকৃত হয়, তারা খুশি হয়; কিন্তু যারা কম উপকৃত হয় অথবা অপকৃত হয়, তারা অসন্তুষ্ট থাকে। উপকারের কথা মানুষ সহজে ভুলে যায়, কিন্তু অপকারের কথা সহজে ভোলে না। সমস্যা হলো, কারও অপকার না করে সব সময় সরকারের কাজ পরিচালনা করা সম্ভব নয়। এ অবস্থায় ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক রণকৌশল দুই ধরনের হতে পারে। একটি কৌশল হতে পারে, যে ধরনের কাজ করলে বড় জনগোষ্ঠী অপকৃত হবে, সে ধরনের কাজ থেকে বিরত থাকা। তবে সব সময় এটা সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ জনগোষ্ঠীর অপকার হতে পারে—এ কথা জেনেও সরকারের উদ্যোগ অব্যাহত রাখতে হয়। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের উদ্যোগ নেওয়া উচিত, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এ জন্য যেটা প্রয়োজন সেটা হলো, খোলা মন নিয়ে সব সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা স্বীকার করার মতো মনোবৃত্তি থাকতে হবে। সমস্যা অস্বীকার করলে সংকট ঘনীভূত হয়।
চার.
বাংলাদেশের আগামী নির্বাচনে ভোটের নিয়ামক শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডই হবে না। সরকার যাদের অপকার করেছে, তাদের প্রভাবও নির্বাচনে অনুভূত হবে। সরকারের পক্ষ থেকে উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। এ ক্ষেত্রে বিচারের মাপকাঠি হবে প্রবৃদ্ধির হার ও দারিদ্র্যের হার।
পাঁচ.
সারণি-১-এ বাংলাদেশে ২০০১-০২ থেকে ২০১২-১৩ সময়কালে প্রবৃদ্ধির হার দেখা যাবে।
সারণি-১
অর্থবছর স্থিরকৃত মূল্য-জিডিপির প্রবৃদ্ধি (%)
২০০১-০২ ৪.৪২
২০০২-০৩ ৫.২৬
২০০৩-০৪ ৬.২৭
২০০৪-০৫ ৫.৯৬
২০০৫-০৬ ৬.৬৩
২০০৬-০৭ ৬.৪৩
২০০৭-০৮ ৬.১৯
২০০৮-০৯ ৫.৭৪
২০০৯-১০ ৬.০৭
২০১০-১১ ৬.৭১
২০১১-১২ ৬.২৩
২০১২-১৩ ৬.০৩
সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।
সারণি-১ থেকে দেখা যাচ্ছে, ২০০১-০২ থেকে ২০০৫-০৬ সরকারের আমলে প্রবৃদ্ধি হয়েছে গড়ে ৫ দশমিক ৭ শতাংশ। সর্বশেষ বছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬৩ শতাংশে উন্নীত হয়। ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ সরকারের আমলে এই হার উন্নীত হয় ৬ দশমিক ১ শতাংশে। অর্থাৎ ২০০১-০৬ সময়কালের তুলনায় ২০০৮-১৩ সময়কালে প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ বেশি বৃদ্ধি ঘটেছে, তবে বৃদ্ধির হার অতি নগণ্য।
ছয়.
গত দশকে বাংলাদেশে দরিদ্রের হার হ্রাস পেয়েছে। এ ক্ষেত্রে অগ্রগতির চিত্র সারণি-২-এ দেখা যাবে।
সারণি-২
অর্থবছর জনসংখ্যায় শহর অঞ্চলে পল্লি অঞ্চলে
দরিদ্রের দরিদ্রের দরিদ্রের
হার হার হার
২০০০ সাল ৪৮.৯ ৩৫.২ ৫২.৩
২০০৫ সাল ৪০ ২৮.৪ ৪৩.৮
২০১০ সাল ৩১.৫ ৩৫.২ ২১.৩
সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।
২০০০ থেকে ২০০৫ সময়কালে দরিদ্রের হার ৮ দশমিক ৯ শতাংশ কমে আর ২০০৫ থেকে ২০১০ সময়কালে দরিদ্রের হার ৮ দশমিক ৫ শতাংশ হারে কমে। অর্থাৎ দারিদ্র্যের হার প্রায় সমহারে কমেছে।
সাত.
সরকারের পক্ষ থেকে ভোটারদের কাছে নিম্নরূপ যুক্তি তুলে ধরা হবে:
ক. বর্তমান সরকারের সামনে প্রবৃদ্ধির হার বেশি।
খ. দারিদ্র্য কমেছে।
গ. অনেক উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়েছে অথবা কাজ চলছে।
ঘ. সামাজিক উন্নয়নের সূচকে অগ্রগতি।
আট.
বিপক্ষের দাবি হবে: সরকার যেসব সাফল্য দাবি করছে, এর প্রতিটি ক্ষেত্রে বিগত সরকারও সাফল্য অর্জন করেছে। বর্তমান আমলে এই হার কিছুটা বেশি। তবে এসব হারে বড় ধরনের পরিবর্তন হয়নি। বর্তমান আমলে উন্নয়ন হয়েছে আর বিগত আমলে অনুন্নয়ন হয়েছে—এ ধরনের দাবি ধোপে টিকবে না। এখানে বিপক্ষ থেকে আরও বক্তব্য আসতে পারে।
ক. বাংলাদেশের গত তিন দশকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, প্রতিটি সরকারই পূর্ববর্তী সরকারের তুলনায় ভালো করেছে। এর অর্থ হলো, উন্নয়ন আকস্মিকভাবে আসেনি, ধারাবাহিকতার পথ ধরে এসেছে।
খ. ২০০৫-০৬ সালে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ সরকারি হিসাবে ছিল ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। ২০১১-১২ অর্থবছরে এই অঙ্ক দাঁড়ায় ১২ দশমিক ৮ বিলিয়নে। বাইরের পরিবেশ অনুকূল থাকায় প্রবৃদ্ধি সহজ হয়েছে।
প্রকৃতপক্ষে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে প্রবৃদ্ধির হার অনেক বেশি হতে পারত।
নয়.
উন্নয়ন-বিতর্কে ভোটারদের কাছে অনেক প্রশ্ন উঠবে। অনেক উন্নয়ন নামে শেষ হয়েছে বা চলছে, তবে এর সুফল এখনো জনগণের কাছে পৌঁছায়নি। তবে এই বিতর্কে ভোটারদের সামনে সাদা ও কালোর মধ্যে বাছাই করার প্রশ্ন উঠবে না। দুই পক্ষের মধ্যে তফাত অতি নগণ্য। অন্তত সরকারি সংখ্যা তা-ই বলে। ভারতে বিজেপি সরকার ‘শাইনিং ইন্ডিয়া’ স্লোগান দিয়ে নির্বাচনে ভরাডুবির সম্মুখীন হয়। সম্প্রতি মনমোহন সরকার দারিদ্র্য নিরসনে সাফল্যকে নির্বাচনের স্লোগান করতে চেয়েছিল। কিন্তু বিরোধীরা ভারতীয় দারিদ্র্য নিরসনের বিভিন্ন ফাঁকি তুলে ধরলে সরকার পিছিয়ে যায়। দুটি কারণে উন্নয়নের ঢোল ভোটারদের মন জয় করতে পারে না:
ক. অতীতের তুলনায় দারিদ্র্যের ক্ষেত্রে সাফল্য এলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো আন্তর্জাতিক মানে এখনো খুবই গরিব। কাজেই দারিদ্র্য সম্পর্কে যত আশাব্যঞ্জক উপাত্তই দেওয়া হয়, তা ভোটাররা বিশ্বাস করেন না। আন্তর্জাতিক মান অনুসারে দারিদ্র্যসীমা অতিক্রম করার জন্য দৈনিক দুই ডলার আয় প্রয়োজন। এই নিরিখে বাংলাদেশে এখনো ৮০ শতাংশের বেশি লোক গরিব।
খ. সব সরকারের আমলেই কমবেশি উন্নয়ন ঘটে। উন্নয়ন পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন হচ্ছে না। কাজেই ভোটাররা রাজনৈতিক দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পান না এবং একটি সরকারকে সব কৃতিত্ব দিতে চান না। অন্তত ভারতে তা-ই ঘটেছে। দেখা যাক বাংলাদেশে কী ঘটে।
দশ.
অপকারের কারণ অর্থনৈতিক হতে পারে। আবার রাজনৈতিকও হতে পারে। অর্থনৈতিক দিক থেকে অপকারের একটি বড় উৎস হলো মূল্যস্ফীতি। সারণি-৩-এ ২০০১-০২ থেকে ২০১২-১৩ পর্যন্ত বাংলাদেশে মূল্যস্ফীতির হার দেখা যাবে।
সারণি-৩
অর্থবছর মূল্যস্ফীতির হার
২০০১-০২ ২.৭৯
২০০২-০৩ ৪.৩৮
২০০৩-০৪ ৫.৮৩
২০০৪-০৫ ৬.৪৮
২০০৫-০৬ ৭.১৭
২০০৬-০৭ ৭.২২
২০০৭-০৮ ৯.৯৩
২০০৮-০৯ ৬.৬৬
২০০৯-১০ ৭.৩১
২০১০-১১ ৮.৮৮
২০১১-১২ ১০.৬২
২০১২-১৩ ৭.৬৩
সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।
২০০১-০২ থেকে ২০০৫-০৬ সময়কালে পাঁচ বছরের মধ্যে তিন বছর মূল্যস্ফীতির হার ছিল ৩ শতাংশের নিচে আর দুই বছর মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশের নিচে। এই সময়ে গড় মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ সময়কালে মূল্যস্ফীতির হার কখনো ৬ দশমিক ৬৬ শতাংশের কম ছিল না; সর্বোচ্চ হার ছিল ১০ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে গড় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ২ শতাংশ, যা পূর্ববর্তী সরকারের মূল্যস্ফীতির হারের চেয়ে প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
এগারো.
মূল্যস্ফীতির সাফাই হিসেবে সরকারের বক্তব্য নিম্নরূপ:
ক. উন্নয়ন হলে মূল্যস্ফীতি হতে পারে। তাই উন্নয়নের জন্য মূল্যস্ফীতি দেখা দিয়েছে।
খ. মূল্যস্ফীতি থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ, মজুরি হার অনেক বেশি বেড়েছে।
এর বিপক্ষে নিম্নলিখিত বক্তব্য আসবে:
ক. বিগত সরকারের আমলের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে বছরে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ অথচ মূল্যস্ফীতি বেড়েছে বছরে ২ দশমিক ৯ শতাংশ হারে। কাজেই উন্নয়নের জন্য মূল্যস্ফীতি ঘটেছে, এ যুক্তি নিয়ে প্রশ্ন উঠবে।
খ. মজুরি হার সম্পর্কে অতিরঞ্জন করা হচ্ছে। যদি মজুরি হার এতই বেড়ে থাকে, তবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি এখনো তিন হাজার টাকা কেন?
গ. এটা ঠিক যে মূল্যস্ফীতিতে সবাই ক্ষতিগ্রস্ত হয় না। তবে বাংলাদেশের মতো দরিদ্র দেশে স্থির আয়ের একটি বিরাট জনগোষ্ঠী রয়েছে। গত পাঁচ বছর ধরে প্রতিবছর ৮ দশমিক ২ শতাংশ হারে মূল্যস্ফীতির ফলে স্থির আয়ের জনগোষ্ঠী দিশেহারা। অতিসম্প্রতি সরকার এ সমস্যা বুঝতে পেরেছে বলে মনে হয়। মুখে যা-ই বলুক না কেন, সরকার সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছে।
বারো.
গত পাঁচ বছরে সুশাসনের অভাবে আরও অনেক ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন:
ক. শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মুনাফাখোরদের লালসার শিকার হয়ে এঁদের অনেকেই দেউলিয়া হয়ে গেছেন। অথচ তাঁরা মনে করেন যে তাঁরা সুবিচার পাননি।
খ. দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় অব্যবস্থাপনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।
গ. ক্ষুদ্রঋণের অগ্রদূত ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ফলে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মনে ক্ষোভ জমা হয়েছে। প্রথম আলোর সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এ ধরনের কার্যকলাপ পছন্দ করছে না।
ঘ. কোটাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো অনুধাবনে ব্যর্থতা শিক্ষিত বেকার জনগোষ্ঠীর মনে অসন্তোষের সৃষ্টি করেছে।
ঙ. আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশাল জনগোষ্ঠী উদ্বিগ্ন।
চ. ধর্মের প্রশ্নে নতুন নতুন বিভক্তি দেখা দিচ্ছে। এতে নতুন অসন্তুষ্ট গোষ্ঠীর উদ্ভব হচ্ছে।
ছ. পদ্মা সেতুর প্রশ্নে দক্ষিণ বাংলার বিরাট জনগোষ্ঠী প্রতারিত বোধ করছে।
জ. অবকাঠামোর ঘাটতি বিনিয়োগকারীদের নিরুৎসাহী করেছে।
তেরো.
সরকারের পক্ষ থেকে যুক্তি হবে:
ক. পূর্ববর্তী সরকারের আমলেও সুশাসনের ও দুর্নীতির সমস্যা ছিল। এ জন্যই নির্বাচনে জনগণ তাদের ভোট দেননি।
খ. এ ধরনের সমস্যা সমাধানে সময় লাগবে। তবে যাঁরা সরকারি উদ্যোগে বা নিষ্ক্রিয়তায় অপকৃত হয়েছেন, তাঁরা ভোটের বাক্সে তাঁদের ক্ষোভ ব্যক্ত করতে পারেন। পাঁচটি বড় সিটি করপোরেশন নির্বাচনে এটাই ঘটেছে।
গ. সরকারের প্রত্যাশা হলো যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে তারা নবীন প্রজন্মের সমর্থন পাবে।
চৌদ্দ.
আগামী নির্বাচনে ওপরে উল্লিখিত উপাদানগুলো কী প্রভাব ফেলবে, তা নির্ভর করবে সরকারের রণকৌশলের ওপর। সরকার যদি অপকারভোগীদের শনাক্ত করে তাদের সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা নেয়, তবে ফলাফল ভিন্ন হতে পারে। যদি সরকার অপকারে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অস্বীকার করে, তবে জটিলতা বাড়বে। দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষের একটি বড় দুর্বলতা আছে। তারা পুরোনো অতীত ভুলে যায়। কিন্তু বর্তমানের ঘটনাপ্রবাহ সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল হয়। কাজেই নির্বাচনের শেষ মুহূর্তে দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতিও ভোটের একটি বড় নিয়ামক হবে। অতীতের ইতিহাস এ ক্ষেত্রে তত প্রাসঙ্গিক না-ও হতে পারে। যদি দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে এসব অনেক প্রশ্নেরই জবাব পাওয়া যাবে। যদি না হয়, তবে আরও অনেক জটিল সমস্যা দেখা দিতে পারে। যার সমাধানের জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে।
আকবর আলি খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা