অর্থনীতি বিভাগে দেশসেরা সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া পারভীন। ছবি: প্রথম আলো
সোনিয়া পারভীন। ছবি: প্রথম আলো

মাগুরার সোনিয়া পারভীন স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অর্থনীতি বিভাগ থেকে দেশসেরা হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের পরীক্ষায় তাঁর এ ফলাফল।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে সোনিয়া জিপিএ-৪-এর মধ্যে ৩ দশমিক ৭৩ পেয়েছেন। তিনি শিক্ষাবর্ষ ২০১০-১১-এর শিক্ষার্থী। অর্থনীতি বিভাগের অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ২৭ সেপ্টেম্বর। তাতে সোনিয়া পারভীন প্রথম শ্রেণি পান। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর দেশসেরা হওয়ার বিষয়টি জানায় গত জুলাই মাসের শেষ সপ্তাহে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বদিউজ্জামান কলেজের অধ্যক্ষকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
সোনিয়া মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেয়ে। মা জাহানারা বেগম গৃহিণী। দুই বোনের মধ্যে সোনিয়া বড়। ছোট বোন খাদিজা খাতুন এবার এইচএসসি পাস করেছেন।
স্নাতকোত্তর-পড়ুয়া মেধাবী এই শিক্ষার্থীর ফলাফল বরাবরই ভালো। শ্রীপুরের দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৯০ এবং দারিয়াপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২০১০ সালে ৪ দশমিক ৮০ পান।
সোনিয়া প্রথম আলোকে বলেন, ‘দেশসেরা হওয়ার বিষয়টি আমি প্রথম শুনি আমার বিভাগের সহকারী অধ্যাপক দিদার স্যারের কাছ থেকে। প্রথমে বিশ্বাসই হয়নি।’ ভালো ফলাফলের জন্য তিনি বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে কিছু তথ্য জানতে চায় ও কাগজপত্র ই-মেইল করে পাঠাতে বলে। তিনি সেগুলো পাঠিয়েছেন।
সোনিয়া কলেজের পাশেই একটি মেসে থেকে পড়ালেখা করতেন। তিনি বলেন, ‘কলেজে নিয়মিত ক্লাস করার পাশাপাশি দিদার স্যারের কাছে প্রাইভেট পড়েছি। খুব বেশি কাজ না থাকলে বাইরে কখনো যাইনি। বাসায় বসে পড়েছি। আজ তার ফল পেয়েছি। এ জন্য আমি ভীষণ খুশি।’ বিসিএস দিয়ে তিনি কলেজের শিক্ষক হতে চান।
মা জাহানারা বেগম মেয়ের ফলাফলে গর্বিত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে নেই। ওরা দুই বোন। ও-ই আমার ছেলে।’
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদার আলী জোয়ার্দ্দার প্রথম আলোকে বলেন, ‘সোনিয়া খুবই মেধাবী আর অধ্যবসায়ী। ক্লাসে সে প্রত্যেক বর্ষে প্রথম হয়েছে। তাঁর ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু সে যে দেশসেরা হবে ভাবিনি। শিক্ষক হিসেবে তাঁর সাফল্যে গর্ববোধ করছি।’ কলেজের অধ্যক্ষ মো. শাহাজ উদ্দিনও সোনিয়ার দেশসেরা হওয়ার খবরে আনন্দিত।