অর্থনীতি সমিতির কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে গত রোববার দিবাগত রাতে চুরি ও কাগজপত্র তছনছ হয়েছে। গতকাল সোমবার সকালে কার্যালয়ে কাজ করতে এসে কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি চিহ্নিত করেন।
রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেনে অর্থনীতি সমিতি ভবনের দ্বিতীয় তলায় মূল কার্যালয় অবস্থিত। দুর্বৃত্তরা পুবদিকে একটি জানালার গ্রিল কেটে কার্যালয়ে প্রবেশ করে। তারা ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি ও অফিসকক্ষে তালা ভেঙে প্রবেশ করে এসব কক্ষে থাকা টেবিল ও আলমারির ড্রয়ারে রক্ষিত মূল্যবান কাগজপত্র তছনছ করে।
এ বিষয়ে সমিতির প্রশাসনিক কর্মকর্তা রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সমিতির সভাপতি আবুল বারকাত প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো সাধারণ চুরি বলে মনে হচ্ছে না। কেননা, আরও অনেক মূল্যবান জিনিস ছিল। সেগুলো অক্ষত রয়েছে। যে ল্যাপটপে গবেষণাপত্রসহ মূল্যবান দলিলাদি রক্ষিত ছিল, সেটি চুরি হয়েছে। আর অর্থনীতি সমিতি বরাবরই জাতীয় স্বার্থে ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলে থাকে। তাই পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।’
গতকাল সকালেই পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা সমিতির কার্যালয় পরিদর্শন করেন।