অর্থনীতি হবে রাজনীতি থেকে আলাদা: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ হলেও এ দেশে রাজনৈতিক সমস্যা আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় আজ বুধবার দুপুরে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। তবে এখানে রাজনৈতিক সমস্যা আছে। বিশ্বের অনেক দেশেই এ সমস্যা আছে। সে কারণেই অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে।’
অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। এ ছাড়াও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক এ গফুর।
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিনিয়োগ বোর্ডকে পুনরুজ্জীবিত করা হবে। এজন্য এককেন্দ্রিক (ওয়ান স্টপ) সেবা চালু করা উচিত।
সভায় বাণিজ্যমন্ত্রী জানান, চিলির সরকার বাংলাদেশের সব ধরনের পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।