অর্থনীতির অগ্রযাত্রায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন
দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, বেসরকারি খাত ইতিমধ্যে তাঁদের যোগ্যতা প্রমাণ করেছে। তবে সরকারিভাবে নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনা খুব জরুরি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আয়োজনে অদম্য চট্টগ্রাম উৎসব উপলক্ষে আয়োজিত ‘অর্থনৈতিক সম্মেলন’-এর (ইকোনমিক কনফারেন্স) দ্বিতীয় দিনের আলোচনায় গতকাল রোববার বিশেষজ্ঞরা এই মত দেন। নগরের খুলশী এলাকায় বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘ফিউচার বাংলাদেশ ফিউচার চািটাগাং, এ গ্লোবাল পোর্ট নিডস এ গ্লোবাল সিটি’ শিরোনামে সম্মেলনের দ্বিতীয় দিনে তিনটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে চট্টগ্রামে বিনিয়োগের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞরা। এর আগে গত শনিবার ‘চিটাগাং ইকোনমিক ডিরেকশন’ শিরোনামে সম্মেলনের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয় হোটেল আগ্রাবাদে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত ‘ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। সম্মেলনের দুই দিনের আলোচনায় উঠে আসা দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভের (সিআরআই) সমন্বয়ক হোসেন জিল্লুর রহমান। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দেশের মানুষ প্রমাণ করেছে, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। সব প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের জনগণ ও অর্থনীতি ক্রম অগ্রসরমান।’ হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে। তৈরি পোশাকশিল্পের অগ্রযাত্রা গতিশীল করতে অর্থনৈতিক অঞ্চল গঠন ও ভূমি ব্যবস্থাপনাকে প্রাধান্য দিতে হবে।’ সভাপতির বক্তব্যে মাহ্ফুজ আনাম বলেন, ‘উন্নয়নের লক্ষ্যে সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনই সবচেয়ে কঠিন। বিশ্বমন্দার সময়ে বাংলাদেশের অর্থনীতি প্রভাবিত হয়নি। এর মূল নায়ক বেসরকারি খাত। তৈরি পোশাকশিল্প ইতিমধ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। কিন্তু আমরা সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত অবস্থান পাচ্ছি না।’ এর আগে গতকাল রোববার সকাল ১০টায় ‘বিজনেস ক্লাইমেট চ্যালেঞ্জেস ফর গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় এবং বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন। দুপুর ১২টায় ‘চ্যালেঞ্জেস টু কোয়ালিটি হাইয়ার এডুকেশন’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দর খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল আলম। গতকাল বেলা তিনটায় ‘চ্যালেঞ্জেস টু কোয়ালিটি হেলথ কেয়ার’ শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক এ এস এফ এম করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক পেডিয়াট্রিক সার্জনস অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক তাহমিনা বানু। দুই দিনের অর্থনৈতিক সম্মেলন আয়োজনে সহযোগিতা করেছে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ ও বিজিএমইএ।