অর্থনীতির ভারসাম্যে দ্রুত তিন পদক্ষেপ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিতে ভারসাম্য রাখতে দ্রুত তিনটি পদক্ষেপ নেওয়া দরকার। এগুলো হলো সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় করা; মুদ্রা বিনিময় হার সামঞ্জস্যপূর্ণ করা এবং জ্বালানি তেলের দাম কমানো।
এ ছাড়া মধ্যমেয়াদে কিছু সংস্কারও জরুরি হয়ে পড়েছে। এগুলো হলো ব্যক্তি খাতের বিনিয়োগ টেকসই করতে ব্যাংকিং খাতে সংস্কার করা; রাষ্ট্রীয় বিনিয়োগের গুণগত মান নিশ্চিত করা এবং স্থানীয় সরকার পর্যায়ে সংস্কার। তবে এগুলো করতে রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে।
গতকাল শনিবার চলতি অর্থবছরের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ কথা বলেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। এ ছাড়া ব্যাংকিং খাতের সার্বিক সংস্কারে একটি ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি।
সংবাদ সম্মেলনে সংস্কারগুলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব বাজেটের ২৫ শতাংশ খরচ করতে হচ্ছে ঋণ পরিশোধে। এই ঋণের বেশির ভাগই অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া। তাই সঞ্চয়পত্রের উচ্চ সুদের হার সমন্বয় করা উচিত। সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে মাত্রা নির্ধারণের পাশাপাশি যারা কিনছেন, তাঁদের আয়কর বিবরণীর দিকেও নজর দেওয়া উচিত। এ ছাড়া ডলারের বিপরীতে নগদ ও এলসিতে মুদ্রা বিনিময় হারে সামঞ্জস্য আনা দরকার। এই পার্থক্য এখন ৩-৪ টাকা হয়ে গেছে। এই পার্থক্য সমন্বয় করা হলে প্রবাসী আয় বাড়বে। আবার রপ্তানি আয়ও বাড়তে পারে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে জ্বালানি তেলের দাম কমানো দরকার। এ ছাড়া ব্যাংকিং খাতের দুর্বল অবস্থানের কারণে ব্যক্তি খাতের বিনিয়োগ পর্যুদস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। চলতি অর্থবছরে বাজেটে বড় ধরনের সংশোধনীর প্রয়োজন হবে বলে মনে করে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। সিপিডি বলছে, রাজস্ব আদায়ে বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। অন্যদিকে চলতি অর্থবছরে ৫১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে সরকারি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রথম প্রান্তিকে সরকারি ব্যয়ে প্রবৃদ্ধি মাত্র ১২ দশমিক ৮ শতাংশ হয়েছে। সিপিডি বলেছে, বড় বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু খরচ করা যাচ্ছে না।
সিপিডি আরও বলছে, রাজস্ব আদায়ের লক্ষ্যে যে গতি দরকার, সেই গতি নেই। চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ে ৩৮ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। কিন্তু অর্থবছরের বাকি সময়ে এনবিআর যদি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধির (২০০৭-০৮ অর্থবছরে ২৬ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি) হারে রাজস্ব আদায় হয়; তবু ২৬ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। রাজস্ব আদায় বাড়ানোর জন্য সংস্কার কর্মসূচিগুলো বেশ ধীরগতির। যেমন ২০১২ সালের মূসক আইনটি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই আইন ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত বলে সিপিডি মনে করে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সম্পর্কে সিপিডি বলেছে, জুলাই-ডিসেম্বর সময়ে গত বছরের চেয়ে এডিপি বাস্তবায়নের হার বেশি হলেও সার্বিকভাবে তা সন্তোষজনক নয়। ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়নও সন্তোষজনক নয়। পদ্মা সেতু প্রকল্পে প্রথম চার মাসে বরাদ্দের মাত্র ১০ দশমিক ৪ শতাংশ খরচ হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সুফল সরকার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ভোক্তাদের পাওয়া উচিত বলে মনে করে সিপিডি।
সিপিডি আরও বলছে, সরকারি ব্যাংকের সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো এমন কিছু আর্থিক জালিয়াতি হচ্ছে, যা আগের আর্থিক জালিয়াতি থেকে ব্যতিক্রম নয়। আগের জালিয়াতিগুলোর যদি বিচার হতো, তাহলে জালিয়াতি আরও কমানো যেত।
রপ্তানি খাত সম্পর্কে সিপিডি আরও বলছে, ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে ৫ হাজার কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে ১২ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে হবে। আর ওই সময়ে সার্বিক রপ্তানি ৬ হাজার ডলারে উন্নীত করতে হলে ১১ দশমিক ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে হবে। কিন্তু বর্তমান প্রবৃদ্ধির ধারা তা সমর্থন করে না। তাই এ লক্ষ্য অর্জন বেশ কঠিন হবে। এ ছাড়া ব্রেক্সিট, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনসহ বিশ্ব পরিস্থিতি খুব বেশি সহায়ক নয়।
সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে এমন কোনো অসম্ভব প্রাক্কলন করা উচিত নয়, যা অর্জিত হবে না। এ ধরনের প্রাক্কলন অর্জিত না হওয়ায় অর্থনীতির কাঠামোগত দুর্বল দিকগুলো চিহ্নিত হয়। তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরে ব্যক্তি খাতের বিনিয়োগে যে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি; তা থেকে আগুন জ্বলবে কি না, সেটাই দেখতে চাচ্ছি। এ জন্য সঞ্চয়পত্র সুদের হার, মুদ্রা বিনিময় হার সামঞ্জস্যপূর্ণ করা এবং জ্বালানি তেলের দাম হ্রাস করা উচিত।’
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতে সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া বিনিয়োগ করে ট্রানজিট অবকাঠামো তৈরি হলে সেবা খাত থেকে আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে দেশের ঋণ পরিস্থিতি, ট্রানজিট, খাদ্যবান্ধব কর্মসূচি এবং প্রবাসী আয় নিয়ে চারটি আলাদা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির ওপর করা গবেষণায় বলা হয়েছে, কেজিপ্রতি ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচিতে একজন সুবিধাভোগী গড়ে ১১ কেজি কম চাল পেয়েছেন। ট্রানজিটের মাশুল সম্পর্কে বলা হয়েছে, টনপ্রতি ১৯২ টাকা ২ পয়সা মাশুল নেওয়া হচ্ছে। ট্রানজিট-সংক্রান্ত কোর কমিটি সুপারিশ করেছিল ১ হাজার ২৪৫ টাকা। গত কয়েক বছরের মূল্যস্ফীতি সমন্বয়ের পর তা দাঁড়ায় ১ হাজার ৭০৫ টাকা। অথচ মাশুল নেওয়া হচ্ছে ৯ গুণ কম। ঋণ পরিস্থিতি নিয়ে সিপিডি বলেছে, ২০২১ সাল পর্যন্ত ঋণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের চিন্তার কারণ নেই।
এ ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন ও খন্দকার গোলাম মোয়াজ্জেম।