অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুষ্টির উন্নতি হয়নি
পুষ্টি ও কৃষি বিষয়ে আয়োজিত একটি সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের তুলনায় পুষ্টির উন্নতি হয়নি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার কারণে এমন হয়েছে।
গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান ল্যাভারেজিং এগ্রিকালচার ফর নিউট্রিশন ইন সাউথ এশিয়া (লানসা) এবং ব্র্যাক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে একাধিক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
ঋতুভিত্তিক ও অঞ্চলভিত্তিক মাতৃ ও শিশু পুষ্টি পরিস্থিতিবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনের সময় ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মাহবুব হোসেন বলেন, দেশের হাওর অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বতা ও ওজনস্বল্পতার হার সবচেয়ে বেশি, যথাক্রমে ৪৬ দশমিক ৬ ও ৪৪ দশমিক ৫ শতাংশ। একইভাবে হাওর অঞ্চলে মায়ের গড় ওজনও দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কম। তিনি বলেন, হাওর এলাকায় বছরের একটা বড় সময় ধরে পানি থাকে। কৃষিকাজ কম হয়। মাছ চাষসহ অন্যান্য কাজের সুযোগ বাড়ালে পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি মন্তব্য করেন।
নারীর ক্ষমতায়ন, কৃষি ও পুষ্টিবিষয়ক উপস্থাপনায় ইফ্রির গবেষক আখতার আহমেদ বলেন, মাকে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি আচরণ পরিবর্তনে ঠিক বার্তা দিলে তার শিশুর খর্বতা দূর হয়। তিনি বলেন, তুলনামূলকভাবে চালের দাম কমার পাশাপাশি পুষ্টিকর খাবারের দাম বাড়ছে বলে দরিদ্র মানুষের ভাতের ওপর নির্ভরতা বেড়েছে। দরিদ্র জনগোষ্ঠীর ৭৮ শতাংশ ক্যালরি আসে ভাত থেকে।
একাধিক প্রবন্ধ উপস্থাপক ও আলোচক বলেন, খাদ্যনিরাপত্তা, নিরাপদ খাদ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন পুষ্টি পরিস্থিতির নিয়ামক হিসেবে কাজ করে। আচরণ পরিবর্তন যোগাযোগ পুষ্টি পরিস্থিতির উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফেরদৌসী নাহার পুষ্টি পরিস্থিতি এবং কৃষি ও পুষ্টি নীতির ভূমিকাবিষয়ক উপস্থাপনায় বলেন, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভালো নীতি ও আইনের অভাব আছে। খাদ্যের ব্যাপারে গবেষণা হয়েছে মূলত ধানকেন্দ্রিক। পুষ্টি পরিস্থিতি উন্নতি করতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় ও কার্যকর আচরণ পরিবর্তন যোগাযোগের ওপর গুরুত্ব নেই। অন্যদিকে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারি বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। এসব কারণে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজ। তিনি বলেন, দুধ, মাংস বা মাছ উৎপাদনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সঠিক খাবার পান না। আবার প্রয়োজনের বেশি খান বলে অনেককে পাঁচতারা হোটেলে গিয়ে শরীরচর্চা করতে হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুসা।