অর্থনীতির সঙ্গে দেশের পুষ্টির উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টি ও কৃষি বিষয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের তুলনায় পুষ্টির উন্নতি হয়নি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার কারণে এমনটা হয়েছে।

আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান ল্যাভারেজিং এগ্রিকালচার ফর নিউট্রিশন ইন সাউথ এশিয়া (লানসা) ও ব্র্যাক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে একাধিক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
ঋতুভিত্তিক ও অঞ্চল ভিত্তিক মাতৃ ও শিশু পুষ্টি পরিস্থিতি বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনের সময় ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মাহবুব হোসেন বলেন, দেশের হাওর অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বতা ও ওজন স্বল্পতার হার সবচেয়ে বেশি, তা যথাক্রমে ৪৬ দশমিক ৬ ও ৪৪ দশমিক ৫ শতাংশ। একইভাবে হাওর অঞ্চলে মায়ের গড় ওজনও দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কম। তিনি বলেন, হাওর এলাকায় বছরের একটা বড় সময় ধরে পানি থাকে। কৃষি কাজ কম হয়। মাছ চাষসহ অন্যান্য কাজের সুযোগ বাড়ালে পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে।
নারীর ক্ষমতায়ন, কৃষি ও পুষ্টি বিষয়ক উপস্থাপনায় ইফ্রির চিফ অব পার্টি আখতার আহমেদ বলেন, মাকে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি আচরণ পরিবর্তনে ঠিক বার্তা দিলে সেই মায়ের শিশুর খর্বতা দূর হয়। তিনি বলেন, চালের দাম কমার পাশাপাশি পুষ্টিকর খাবারের দাম বাড়ছে বলে দরিদ্র মানুষের ভাতের ওপর নির্ভরতা বেড়েছে। দরিদ্র জনগোষ্ঠীর ৭৮ শতাংশ ক্যালরি ভাত থেকে আসে।
একাধিক প্রবন্ধ উপস্থাপক ও আলোচক বলেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, শিক্ষা, নারীর ক্ষমতায় পুষ্টি পরিস্থিতির নিয়ামক হিসেবে কাজ করে। আচরণ পরিবর্তন যোগাযোগ পুষ্টি পরিস্থিতির উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফেরদৌসী নাহার পুষ্টি পরিস্থিতি এবং কৃষি ও পুষ্টি নীতির ভূমিকা বিষয়ক উপস্থাপনায় বলেন, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভালো নীতি ও আইনের অভাব আছে। খাদ্যের ব্যাপারে মূলত ধান কেন্দ্রিক গবেষণা হয়েছে। পুষ্টি পরিস্থিতি উন্নতি করতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় ও কার্যকর আচরণ পরিবর্তন যোগাযোগে গুরুত্ব নেই। অন্যদিকে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারি বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। এসব কারণে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়নি।
ব্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি কৃষি ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজ বলেন, সফলভাবে দুধ, মাংস বা মাছ উৎপাদনের সঙ্গে জড়িতরাও সঠিক খাবার পান না। আবার প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে অনেককে পাঁচতারা হোটেলে শরীর চর্চা করেন।