অর্থনৈতিক অগ্রগতি অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে শা‌ন্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সার্কভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সার্ক ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এ ক্ষেত্রে ঐকান্তিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং একসঙ্গে কাজ করবে।

গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে ওই সব কথা বলেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা এম এ মান্নান।

ঢাকায় সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন। সে দেশের অর্থমন্ত্রী ইসহাক দার বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক আর্থিক মন্দা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনে সার্কের সদস্য দেশগুলো উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে এবং ভালো জিডিপি অর্জন অব্যাহত রয়েছে। যেহেতু দক্ষিণ এশীয় অঞ্চলে আর্থিক অবস্থা এখনো ভঙ্গুর, তাই এ সমস্যা নিরসনে আমাদের সকলকে রাজস্ব বৃদ্ধি এবং আরও বেশি অর্থ উপার্জনের উপায় বের করতে হবে।’

এম এ মান্নান বলেন, প্রতিষ্ঠিত হওয়ার পর সার্ক বহু দৃশ্যমান ভালো কাজ করেছে এবং বিভিন্ন চুক্তি ও কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো তৈরি করা হয়েছে। তবে জনগণের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি এখনো হয়নি। এটি অনেকাংশেই নির্ভর করছে ‘সাফটা’ এবং বাণিজ্য-সংক্রান্ত অন্যান্য চুক্তির কার্যকর বাস্তবায়নের ওপর। তিনি আরও বলেন, ‘আঞ্চলিক সামঞ্জস্যের স্বার্থে আমাদের প্রয়োজন সাফটার অধীন বাণিজ্যকে আরও উদার করা, আঞ্চলিক সংযোগ চুক্তি যেন দ্রুত স্বাক্ষরিত হয়, তা নিশ্চিত করা এবং শুল্ক প্রক্রিয়া ও দলিল উপস্থাপনে সমন্বয় সাধন করা।’

এর আগে অর্থ প্রতিমন্ত্রী ও বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদলের নেতারা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।