অর্থনৈতিক অগ্রগতিকে রুদ্ধ করতেই জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে রুদ্ধ করে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যে চক্র এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তারাই দেশে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলাই তাদের মূল উদ্দেশ্য।
গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার।
মানববন্ধনে উপাচার্য বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি রয়েছে সারা বিশ্বে। এ দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের স্থান নেই। উগ্রবাদীদের তৎপরতা ঠেকাতে ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি জোস আহম্মদ বলেন, কোনো ধর্মেই মানুষ হত্যার কথা বলা হয়নি। কয়েক শতাব্দী ধরে এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। বাংলাদেশের এই অসাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলছে।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, সাধারণ সম্পাদক রশিদুল হায়দার, বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার প্রমুখ।