অর্থনৈতিক অগ্রযাত্রায় রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য
ঢাকা সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসন বলেছেন, শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনৈতিক অস্থিরতার অবসান জরুরি। কারণ, অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য দীর্ঘ মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিন দিনের সফরে মোনস ইয়েনসন গত মঙ্গলবার ঢাকায় আসেন। আজ তিনি বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ‘বাংলাদেশ: ফ্রেমিং দ্য ফিউচার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেন। তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে পোশাক খাতকে কীভাবে আরও পরিবেশবান্ধব করা যায় এবং অন্য খাতে তা কীভাবে কাজে লাগানো যায়, সেটিই ছিল সম্মেলনের মূল প্রতিপাদ্য। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গেও কথা বলেন।
রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অগ্রযাত্রার পথ রুদ্ধ করছে কি না, জানতে চাইলে মোনস ইয়েনসন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে শুধু তৈরি পোশাকই নয়, জাহাজ নির্মাণশিল্পের মতো সম্ভাবনাময় অন্য উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগ শ্রমের মানের উন্নতির পাশাপাশি পণ্যের গুণগত মান বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীরা ঝঞ্ঝাটমুক্ত ও স্থিতিশীল একটি পরিবেশ চান, যেখানে তাঁরা সরকার ও সেই দেশের পরিবেশের ওপর পুরো আস্থা রাখতে পারেন। আমাদের প্রত্যাশা, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধান সম্ভব।’
মানবাধিকার সুরক্ষাকে গণতন্ত্র বিকশিত হওয়ার অন্যতম পূর্বশর্ত হিসেবে অভিহিত করেন মোনস ইয়েনসন। ভিন্নমতের চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার এবং নাগরিক সমাজের কাজের ক্ষেত্রের ওপর তিনি জোর দেন। কারণ, একটি দেশের বিকাশে এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ উপাদান। এক প্রশ্নের উত্তরে ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের মানবাধিকারের কিছু ক্ষেত্রে ডেনমার্কের উদ্বেগের কথা সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে আলোচনায় তিনি তুলেছেন।