অর্থনৈতিক অঞ্চল সরিয়ে নেওয়ার দাবিতে সমাবেশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান এলাকা থেকে অর্থনৈতিক অঞ্চল সরিয়ে দেওয়ার দাবিতে গতকাল শনিবার ১৬টি চা-বাগানের শ্রমিকেরা সমাবেশ করেছেন। এ সময় শ্রমিকেরা জানান, প্রাণ গেলেও তাঁরা এ ভূমির দাবি ছাড়বেন না।
জানা গেছে, সরকার চান্দপুর চা-বাগানের ভূমিতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় চান্দপুর চা-বাগানের অধীনে থাকা ৫১১ একর ভূমির ইজারা বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। পরে তা ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে হবিগঞ্জের জেলা প্রশাসন।
এর প্রতিবাদে চা-শ্রমিকেরা ১৫ তারিখ থেকে নানা কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা। গতকাল সকাল নয়টা থেকে চান্দপুর চা-বাগান ও এর আশপাশের কয়েক শ চা-শ্রমিক বাগানে কাজে যোগদান না করে সমাবেশে সমবেত হতে থাকেন। নারী, পুরুষ ও শিক্ষার্থীদেরও সমাবেশে দেখা যায়। ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল সরকার।