অর্থনৈতিক অঞ্চলের কারখানা গ্যাস-বিদ্যুৎ পাবে: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ​, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুৎ​, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ভবিষ্যতে কেবল অর্থনৈতিক অঞ্চল ও পরিকল্পিত শিল্পাঞ্চলে স্থাপিত কল-কারখানা গ্যাস-বিদ্যুতের নতুন সংযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ বুধবার ‘পোশাকশিল্পের বর্তমান ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের স্বল্পতা আছে। এলএনজি আসছে। আগামী এপ্রিল থেকে গ্যাসের সংকট থাকবে না। তবে গ্যাস ও বিদ্যুতের নতুন সংযোগ আমরা যত্রতত্র দেব না, কেবল পরিকল্পিত শিল্পাঞ্চলে ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প-কারখানাকে দেব।’ তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আরও তিন বছর সময় লাগবে। এ জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে পৌঁছাতে চায়। এ জন্য দেশটির সরকার উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। আমরা ভারতের মতো সুবিধা দিচ্ছি না। তবে বিজিএমইএ যেসব সমস্যার কথা বলেছে সেগুলো বাস্তবসম্মত।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সক্ষমতা বৃদ্ধি না করা গেলে সমস্যা হবে। আমরা ব্যবসার খরচ কমানোর জন্য কাজ করছি।’

বৈঠকে পোশাকশিল্প মালিকেরা বলেন, পোশাকশিল্প একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। পোশাক রপ্তানি প্রবৃদ্ধি গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ জন্য গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের জাহাজজট, ঢাকা বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমের অব্যবস্থাপনা দূর করাসহ বেশ কিছু সমস্যার সমাধান চান তাঁরা। একই সঙ্গে রপ্তানির বিপরীতে দুই বছরের জন্য উৎসে কর প্রত্যাহার ও ৫ শতাংশ নগদ সহায়তা, কয়েক বছরের জন্য গ্যাস-বিদ্যুতের অপরিবর্তিত মূল্য এবং শুল্ক ও করের নির্দিষ্ট হার দাবি করেন তাঁরা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, উদ্যোক্তাদের জন্য মূলত ব্যবসার খরচ কমানো দরকার। এভাবে দক্ষতা বাড়ানো গেলে প্রণোদনা দেওয়ার দরকার হয় না।

রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার জন্য গ্যাস-বিদ্যুতের দামের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন। তিনি বলেন, সরকারের কয়েকটি বিষয় পরিষ্কার করে বলা দরকার। এক. বিদ্যুৎ উৎপাদনের জন্য ভবিষ্যতে ক্যাপটিভ জেনারেটর থাকবে? নাকি গ্রিড থেকে শিল্প-কারখানাকে বিদ্যুৎ দেওয়া হবে। কারণ, এখনো ক্যাপটিভ জেনারেটর থেকে যে বিদ্যুৎ পাওয়া যায়, তার খরচ গ্রিডের চেয়ে কম। দুই. সরকারকে গ্যাস-বিদ্যুতের দামের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘বাজেটের আগেই প্রধানমন্ত্রী বলে দেন, পোশাক খাতকে ছাড় দিতে। এ জন্য অন্যরা যেখানে করপোরেট কর দিচ্ছে ২৫ শতাংশ, সেখানে পোশাকশিল্পের প্রতিষ্ঠানকে দিতে হয় সাড়ে ১২ শতাংশ। আবার অন্যরা যেখানে উৎসে কর দেয় ১ শতাংশ, সেখানে পোশাকশিল্পে দশমিক ৭ শতাংশ।’ তিনি বলেন, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা দরকার। প্রতিবছর বন্ড সুবিধার ৬০ হাজার কোটি টাকার অপব্যবহার হয়।

এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের পর বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক ছাড়াও অন্য অনেক খাত বন্ড সুবিধা ব্যবহার করে। তাই ঢালাওভাবে পোশাকশিল্পকে দোষ দেওয়া ঠিক নয়। বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ করছেন না কেন? যেসব প্রতিষ্ঠান বন্ড সুবিধার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বৈঠকে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আবদুস সালাম মুর্শেদী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম প্রমুখ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির।