অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন প্রতিনিধিদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন।
স্পিডবোটযোগে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর ১৯ সদস্যের প্রতিনিধিদল ঘটিভাঙা, কালারমারছড়ার উত্তরনলবিলা, ধলঘাট ও ছোটমহেশখালীতে প্রস্তাবিত চারটি অর্থনেতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করে। প্রতিনিধিদলটি মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের জায়গাও পরিদর্শন করে। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বেজার প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ, বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ভূমি ব্যবহারের মহাপরিকল্পনার জন্য বেজার নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল মহেশখালীর প্রস্তাবিত চারটি অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করে। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। তাই যথাযথ ভূমি ব্যবহারের জন্য মহাপরিকল্পনার কাজ চলছে।