অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে কেক কাটেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে কেক কাটেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগীর ভূমিকা পালন করবে। আর এভাবে তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।
রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত এক বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০১৫-এর গ্র্যাজুয়েশন প্রদান অনুষ্ঠানে গতকাল শনিবার এ প্রত্যাশ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবি ও বাসসের।
শেখ হাসিনা বলেন, যোগ্যতা এবং একাগ্রতার জন্য সশস্ত্র বাহিনী দেশে এবং দেশের বাইরে সম্মান অর্জন করেছে। তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা একটি সর্বজনীন ও বহুকেন্দ্রিক বিশ্বে বসবাস করছি। পরিবর্তনশীল প্রযুক্তি পারস্পরিক সংযোগকে সুদৃঢ় করছে, উদ্ভূত সমস্যা সমাধানের পথ দেখাচ্ছে; আবার মাঝেমধ্যে প্রতিকূল পরিবেশও তৈরি করছে। বিশেষ করে, মানবতা বিপন্ন করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।’
প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গ্র্যাজুয়েট যাঁরা পরে বিভিন্ন পদে যোগ দেবেন, তাঁরা দেশের সেবা প্রদানে সক্ষম হবেন এবং এর ফলে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা আরও জোরদার হবে।
এ বছর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বেসামরিক প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র বিভাগের দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৭৫ জন ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৩৭ কর্মকর্তা আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি অধিকতর পরস্পর নির্ভরশীল বিশ্বে বসবাস করছি। যেখানে উন্নত দেশগুলোর অনেক নীতি উন্নয়নশীল দেশগুলোর ওপর প্রভাব রাখছে এবং এমন নীতির কারণে তাদের অনেক নাজুক অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। তাই, এসব দেশের অর্থনীতির ক্ষেত্রে বৈচিত্র্য আনা ও জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা জোরদার করা জরুরি।’
আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে কোর্স সম্পন্ন করায় গ্র্যাজুয়েট সদস্য, ফ্যাকাল্টি সদস্য এবং কলেজের স্টাফ অফিসারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। এর আগে প্রধানমন্ত্রী দুই কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বাংলাদেশে বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধানেরা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।