অর্থনৈতিক উন্নয়নের কারিগর ছিলেন সাইফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। পাশে উপবিষ্ট বিশিষ্ট নাগরিকেরা l প্রথম আলো
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। পাশে উপবিষ্ট বিশিষ্ট নাগরিকেরা l প্রথম আলো

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশ যে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তার মূল কারিগর ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। মূল্য সংযোজন কর (মূসক) আরোপ ছিল তাঁর যুগান্তকারী পদক্ষেপ। তিনি সব সময় মেধাকে মূল্যায়ন করতেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দূররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
সাইফুর রহমানের সঙ্গে বিভিন্ন সময় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, সাইফুর রহমান কাজ করতেন গুণাগুণ বিচার করে। আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সব ক্ষেত্রে এর ছাপ ছিল। তাঁর ভ্যাট প্রচলন, ব্যাংকিং খাতে সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শামসুল হুদা বলেন, সাইফুর রহমান যেসব কাজ করেছেন তার ভিত খুব শক্ত ও গুরুত্বপূর্ণ। যে কারণে পরবর্তী সময়ে কেউ এসব বাদ দিতে পারেনি, গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, সাইফুর রহমান নিয়োগের ক্ষেত্রে কখনো কার বাড়ি কোথায় এসব দেখতেন না। কার কী কাজ আছে, সুনাম কেমন—এসব দেখে তিনি নিয়োগ দিতেন।
শামসুল হুদা বলেন, বাইরে থেকে অনেকে সাইফুর রহমানকে বদরাগী মনে করতেন। কিন্তু আসলে তিনি ছিলেন প্রকৃতির মতো সরল।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে তার মূল কারিগর ছিলেন সাইফুর রহমান। তাঁর সময়ে ব্যাংক খাতে কোনো হস্তক্ষেপ করা হতো না। ভ্যাট চালুর উদ্যোগ ছিল খুব গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, সাইফুর রহমান দলবাজদের মতো আচরণ করেননি। দলের মধ্যে থেকেও তিনি যা সঠিক সমাজের কল্যাণে আসবে মনে করতেন, তাই করেছেন।
অন্যদের মধ্যে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, ছিদ্দিকুর রহমান চৌধুরী, দূররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।