অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, দেশে নিরবচ্ছিন্নভাবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকায়, বিশেষ করে কখনো সামরিক ও কখনো তত্ত্বাবধায়ক সরকারের শাসন থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যেসব দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় তা সম্ভব হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠন করার পর দেশের উন্নয়ন ও জনস্বার্থে যেসব প্রকল্প ও নীতিমালা গ্রহণ করা হয়েছিল, পরবর্তী সরকার এর ধারাবাহিকতা রক্ষা করেনি বলে দেশ পিছিয়ে পড়েছে।বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এই ট্রফি বিতরণী অনুষ্ঠানে ২০০৫-০৬, ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ বছরের শ্রেষ্ঠ রপ্তানিকারকদের জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী মুহা ম্মদ ফারুক খান, ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. শাহাবউল্লাহ।অনুষ্ঠানে কৃতী রপ্তানিকারকদের মধ্যে ২০০৫-০৬, ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ বছরের ৩৩টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ ট্রফি ও সনদ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যই দেশের আর্থসামাজিক উন্নয়নের চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেই এর ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করা সম্ভব। এ লক্ষ্যে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার বর্তমান স্তর থেকে অর্ধেকে নামিয়ে আনতে চাই।’বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির দ্রুত বিকাশের ফলে বিশ্ব বাণিজ্যের প্রতিনিয়ত পরিবর্তনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় টিকে থাকার জন্য বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল ও বহুমুখী করে গড়ে তোলা খুবই জরুরি। তিনি বলেন, রপ্তানি বৃদ্ধিতে গুণগত মানসম্পন্ন পণ্য উত্পাদনের কোনো বিকল্প নেই।কাতারের মন্ত্রীর সাক্ষাত্: সফররত কাতারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী খালেদ বিন মোহাম্মদ আল আতিয়ার নেতৃত্বে কাতারের সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্ করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা কাতারে বাংলাদেশের জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।করণ সিংয়ের সাক্ষাত্: সফররত ভারতের কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সভাপতি করণ সিং গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।