একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে অভিন্ন আদর্শের ওপরে। ভারত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের সংবিধানও রচিত হয়েছে এই মূলনীতির ওপরে। এই জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থেকেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। অনেক সমস্যার নিষ্পত্তি হয়েছে।’ গতকাল শনিবার রাজশাহীতে ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর কমিটি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৪০তম বার্ষিকী ভারত-বাংলাদেশ সম্পর্ক: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে এখন সেই সংবিধান প্রণেতা সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। মনমোহন সিং সফরে আসছেন। এ সময় দুই দেশের ৪০ বছরের সমস্যার অধিকাংশ নিষ্পত্তি হয়ে যাবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক কারণে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে।’একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর শাখার সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক, ইতিহাসবিদ ও ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী মহানগর শাখার সভাপতি আবুল কালাম আজাদ, ন্যাপ রাজশাহী জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর শাখার কমান্ডার আবদুল মান্নান, জাসদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও ইনতাজুল হক।