অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমন্বিত সমাধান প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী খলীকুজ্জামান বলেছেন, শুধু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান করলে হবে না। একই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমন্বিত সমাধান প্রয়োজন দরকার। ন্যাশনাল কনফারেন্স অন কনটেমপোরারি ইস্যুজ ইন ইকনোমিকস (এনসিসিআইই) শীর্ষক দুই দিনব্যাপী অর্থনীতিবিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।কাজী খলীকুজ্জামান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই উন্নত দেশের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া আমাদের অধিকার। এটা নিশ্চিত করার জন্য আমরা লড়ে যাব।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম বলেন, দারিদ্র্য হলো সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সিস্টেমের ফসল। অর্থনৈতিক বৈষম্য দূর করলে দারিদ্র্য আপনাআপনিই দূর হয়ে যাবে। প্রশাসন ও সামরিক খাতে বাজেটে বরাদ্দ কমিয়ে শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং নতুন শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারে প্রতি তিনি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এ কে এনামুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। সমাপনী বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান। সভাপতির বক্তব্য দেন শাবিপ্রবি উপাচার্য মো. সালেহ উদ্দিন।