অর্থনৈতিক ক্ষেত্রে জেন্ডার সাম্যে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো। সামাজিক বিভিন্ন সূচকে নারী এগিয়েছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে জেন্ডার সাম্য অর্জনে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়।

বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে মনে করা হতো জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়লেই নারীর ক্ষমতায়ন বা বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়ন ঘটে। তবে বর্তমানে বিষয়টি নিয়ে বিশ্বব্যাপীই সংশয় দেখা দিয়েছে। একইভাবে সামাজিক সূচকে নারীর অবস্থান ভালো হলেই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আসলে কতটুকু হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য ২০১৫ সালের পর এমডিজি বা পোস্ট এমডিজিতে জেন্ডারের বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী কোন ধরনের বিতর্ক হচ্ছে, সেসব তুলে ধরেন। এমডিজিতে জেন্ডার সাম্য অর্জনে বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের বিভিন্ন সূচক তুলে ধরেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতিসংঘে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় পোস্ট এমডিজিতে নারীর প্রজননস্বাস্থ্য অধিকার এবং নারী নির্যাতনের বিষয়টি সম্পৃক্ত করা সম্ভব হয়নি। তাঁর মতে, অর্থনৈতিক সম্পত্তিতে নারীর সমান অধিকার, তথ্যপ্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন এবং প্রয়োজনীয় আইন না থাকলে সে অর্থে নারীর উন্নয়ন সম্ভব হবে না।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে দেবপ্রিয় ভট্টাচার্য জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রসঙ্গে বলেন, কাঠামো পরিবর্তন না করে কাউকে কোনো জায়গায় বসিয়ে দিলেও সে অর্থে উন্নয়ন সম্ভব নয়। কেননা, যে বসছে সে সেই কাঠামোর মধ্যে থেকেই কাজ করছে।

সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক। সেমিনারে এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমা চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ বলে তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান ওই বিভাগের শিক্ষক আয়েশা বানু। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ রিসার্চ ফেলো প্রতিমা পাল মজুমদার।