অর্থনৈতিক কৌশল নির্ধারণে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের তাগিদের মধ্য দিয়ে বাংলাদেশ ইকোনমিস্টস ফোরাম (বিইএফ) আয়োজিত দুই দিনের সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে।
অধিবেশনের সমাপনী অধিবেশনে বক্তারা বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামো নির্মাণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ার তাগিদ দেন। বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।
রাজধানীর র৵াডিসন হোটেলে দুই দিনের এই সম্মেলন গত শনিবার শুরু হয়। এতে দেশি-বিদেশি অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকার, ব্যবসায়ী, রাজনীতিবিদেরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মৌলিক উন্নয়ন কৌশলে বাংলাদেশের বড় দুই দলের নীতিতে কোনো পার্থক্য নেই। তাই অর্থনীতির বৃহত্তর বিষয়গুলো যেমন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জ্বালানি ঘাটতি মোকাবিলায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।
এ বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বড় দুই রাজনৈতিক দলকে অর্থনীতির বড় ইসু্৵গুলোতে ঐকমত্য হতে হবে।
সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন অধ্যাপক আজিজুর রহমান খান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ। সভাপতিত্ব করেন মহিউদ্দিন আলমগীর।
দিনের আরেক অধিবেশনে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, যতই উন্নয়ন, প্রবৃদ্ধি ও সুশাসন নিয়ে আলোচনা-সেমিনার করা হোক না কেন, দেশের এক বিশাল জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের কাছে কয়েকটি প্রশ্ন করেন তিনি। তিনি জানতে চান যে আসছে শীতে দেশে আবার রাজনৈতিক অস্থিরতা শুরু হলে সরকারের অবস্থান কী হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, দেশের ৪০-৬০ ভাগ লোক যে ভোট দিতে পারল না, তাদের মতামত অগ্রাহ্য করে কত দিন এ সরকার টিকে থাকবে।
কিন্তু এইচ টি ইমাম সময় সংক্ষিপ্ততার অজুহাত দেখিয়ে প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গিয়ে বলেন, পরে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া প্রবৃদ্ধি কখনো টেকসই হয় না৷ আর সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বর্তমান বিচারব্যবস্থাকে ত্রুটিপূর্ণ অভিহিত করে তিনি বলেন, এ প্রক্রিয়া অব্যাহত থাকলে চলমান মামলাগুলোর বিচার ৩০০ বছরেও শেষ করা যাবে না। পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এই পর্বে আরও বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রমুখ।