জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মহাজোটের ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডিতে নবনির্মিত রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘মহাজোটে থেকে কী পেলাম, সেটা বড় বিষয় নয়। মহাজোটে থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই। মহাজোট দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ সদর উপজেলার বরুন্ডি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আবদুল মান্নান, মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেক, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. মাসুদ করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।সমাবেশ শেষে এরশাদ রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন।ক্লাস বাদ দিয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীরা: অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে, তাদের অনুষ্ঠানে আসতে বাধ্য করা হয়েছে।সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় আফরোজা রমজান বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। স্কুলটির অবস্থান বরুন্ডি থেকে ১২ কিলোমিটার দূরে মানিকগঞ্জ শহরে।বেলা ১১টার দিকে আসে রমজান আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলটির অবস্থান বরুন্ডি থেকে ২০ কিলোমিটার দূরে ঘিওরের তরা এলাকায়।এ ছাড়া সদর উপজেলার নবগ্রাম, বনপাড়িল, হাটিপাড়া উচ্চবিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ক্লাস বাদ দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রচণ্ড গরমের মধ্যে তাদের বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠানস্থলে বসিয়ে রাখা হয়।আফরোজা রমজান উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষকেরা ক্লাস বাদ দিতে তাদের বাধ্য করে অনুষ্ঠানে নিয়ে এসেছেন।নবগ্রাম উচ্চবিদ্যালয়, বনপাড়িল উচ্চবিদ্যালয় ও হাটিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের হাঁটিয়ে অনুষ্ঠানস্থলে আনা হয়েছে।তবে মানিকগঞ্জ আফরোজা রমজান আলী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক কাশিনাথ সরকার বলেন, জোর করে নয়, অভিভাবকদের ইচ্ছায় শিক্ষার্থীদের অনুষ্ঠানে আনা হয়েছে।