বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে, তার দায় কোনোভাবেই শ্রমিকের নয়। কিন্তু উন্নত, অনুন্নত সব দেশেই মন্দার প্রভাব গিয়ে পড়ছে শ্রমিকের ওপর। মন্দার কারণে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে শ্রমিকদের। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।রাজধানীর পুরানা পল্টনের শহীদ আসাদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (ডব্লিউএফটিইউ) বাংলাদেশ কমিটির এক সমাবেশে শ্রমিক নেতারা এ কথা বলেন। ডব্লিউএফটিইউ ঘোষিত আন্তর্জাতিক দাবি দিবস পালনের আহ্বানে সাড়া দিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক ইউনিটগুলোকে নিজেদের মধ্যকার মতভিন্নতা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশে ডব্লিউএফটিইউ বাংলাদেশ কমিটির আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম বলেন, সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু এই টাকা দিয়ে শ্রমিকেরা পরিবার নিয়ে কোনোভাবেই ঈদ করতে পারবেন না। তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল কাদের হাওলাদার বলেন, পুঁজিবাদী সমাজ টিকিয়ে রাখার জন্য মালিকপক্ষ শ্রমিকদের ওপর নানাভাবে দমন-পীড়ন চালাচ্ছে। রাষ্ট্রকে ব্যবহার করে একদিকে তারা নিজেদের মুনাফা বাড়িয়ে নিচ্ছে, অন্যদিকে শ্রমিকদের কম মজুরি দিচ্ছে। তিনি ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করতে শ্রমিক নেতাদের ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক মন্দার কারণে সারা বিশ্বে অর্থনৈতিক সংকট তৈরি হলেও তাতে মালিকপক্ষের খুব বেশি সমস্যা হয় না। মন্দার প্রধান ভুক্তভোগী হন শ্রমিকেরা। কিছু হলেই শ্রমিকদের মজুরি আটকে দেওয়া হয়। সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বক্তব্য দেন।