রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে বলেছেন, ‘তিনি শত বাধাবিপত্তি উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পারলেও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আজও পুরোপুরি অর্জন করতে পারিনি। আর তা পূরণে তরুণদের কাজ করতে হবে।’
গতকাল শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় সাংসদের স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ এবং কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের এ সাফল্য যেমন সামনে এগিয়ে চলার পথ উন্মুক্ত করেছে, তেমনি আরও জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি করেছে।’ তিনি লেখাপড়ার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়াসহ সুকুমারবৃত্তির চর্চারও আহ্বান জানান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ আবদুল ওয়াদুদ, আয়েন উদ্দিন ও আখতার জাহান এবং বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগমারার জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৪২০ জন কৃতী শিক্ষার্থী ও ১০ গুণীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন স্বাস্থ্যে ডা. গোবিন্দ চন্দ্র সাহা, কৃষিতে ব্রজেন কুমার প্রামাণিক, বনায়নে মোল্লা আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (মরণোত্তর), সংস্কৃতিতে শিল্পী এম এ খালেক, নারীশিক্ষায় শিরিন আকতার, শিক্ষায় আবদুল জলিল (মরণোত্তর) ও রাজনীতিতে রাখাল চন্দ্র (মরণোত্তর)। এ ছাড়া শান্তিশৃঙ্খলায় বাগমারা থানা এবং প্রতিষ্ঠান হিসেবে বাগমারা প্রেসক্লাবকে পদক দেওয়া হয়।