অর্থনৈতিক মুক্তির জন্য পল্লি উন্নয়নের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে তাঁদের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য পল্লি উন্নয়নের কোনো বিকল্প নেই। গতকাল রোববার সকালে নিজ কার্যালয়ে জাতীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।সভায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সকে একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা এবং জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রবর্তনে নীতি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়ায় হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সার্বিক ও টেকসই জাতীয় উন্নয়নে সরকারের পল্লি উন্নয়ন কার্যক্রম জোরদার করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক অগ্রগতিতে পল্লি উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা টেকসই জাতীয় উন্নয়নের জন্য পল্লি উন্নয়ন নিশ্চিত করতে চাই এবং এ লক্ষ্যে আমরা বিশেষ করে পল্লি অঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। এ জন্য বর্তমান সরকার ‘‘একটি বাড়ি একটি খামার’’, ‘‘আশ্রয়ন প্রকল্প’’ ও ‘‘পল্লি আবাসন প্রকল্প’’সহ পল্লি এলাকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’ প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব উপজেলায় ‘মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে সরকারের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।