আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা আয়োজনে গতকাল বুধবার যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচির স্লোগান ছিল, ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক মুক্তি অর্জিত হলেও এখনো পুরোপুরিভাবে অর্থনৈতিক মুক্তি আসেনি। অর্থনৈতিক মুক্তির জন্যই দুর্নীতিকে রুখতে হবে। দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রামে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়ায় গতকাল সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। বক্তব্য দেন জেলা দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফফার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাসিরা নাসরিন, কাদেরী শাকিল প্রমুখ।
এর আগে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।
যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সেটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারগিস পারভীন। সভাপতিত্ব করেন উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান। বক্তব্য দেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ খলিল আল রশীদ, নির্বাচন কর্মকর্তা আবু ছালেক, চৌগাছা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
মেহেরপুরে সকাল সাড়ে নয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য রুহুল কুদ্দুস প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।