খাদ্যনিরাপত্তার মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। কৃষকদের লক্ষ রাখতে হবে উৎপাদিত ফলন যাতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত হয়। ফসলে ক্ষতিকর কোনো রাসায়নিক ব্যবহার করা উচিত হবে না, যা মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়। বিষমুক্ত খাদ্য উৎপাদন অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ায়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পাবলিক মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে নিরাপদ ফসল উৎপাদন নিয়ে চার শতাধিক কৃষকের সঙ্গে মতবিনিময় সভা করে কৃষি সম্প্রসারণ বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো রাসায়নিক কৃষিজমিতে ব্যবহার করা যাবে না। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিনিয়ত কৃষিজমি কমছে। কিন্তু এরপরও উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষকদের লক্ষ রাখতে হবে উৎপাদিত ফলন যাতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত হয়। পোকা ও রোগবালাই দমনে সেক্সফেরোমন পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন বক্তারা।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. বছির উদ্দিন, মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান প্রমুখ।