অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মতে, কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অবকাশ আছে।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গত বৃহস্পতিবার দিল্লিতে এক আলোচনা অনুষ্ঠানে এ অভিমত দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ভারত সফররত জ্যেষ্ঠ এই মার্কিন কর্মকর্তা দিল্লিতে আমেরিকান সেন্টারে ‘যুক্তরাষ্ট্র ও ভারত: আগামী দিনের এশিয়ায় আমাদের অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য দেন। তিনি ৪ থেকে ৬ মার্চ ভারত সফর করেন।
নিশা দেশাই বলেন, পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়া এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগের ভারতীয় পরিকল্পনায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ব্যাপকতর অর্থনৈতিক যোগাযোগ স্থাপিত হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করবে।