অর্থনৈতিক সহযোগিতার নতুন চুক্তি সই করতে চায় যুক্তরাষ্ট্র
বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিফা) সই নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে নতুন একটি চুক্তি সই করতে চায় যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা শুরু করতে আজ মঙ্গলবার ঢাকায় দুই দিনের সফরে আসছেন দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরাম গঠনের বিষয়ে গত বছর বাংলাদেশকে চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরের সময় এ বিষয়ে ডিলেনি আগামীকাল বুধবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক করবেন।জানতে চাইলে বাণিজ্যসচিব গোলাম হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মার্কিন কর্মকর্তার সঙ্গে কাল বুধবার দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। টিফা নিয়ে বিতর্ক থাকায় নতুন কোনো চুক্তি সই হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন কোনো কাঠামো করা যায় কি না, সেটি বিবেচনা করা হচ্ছে।প্রসঙ্গত, শ্রম অধিকার, মেধাস্বত্ব আইন ও পরিবেশ প্রসঙ্গে কিছু বিতর্ক থাকায় বাংলাদেশ টিফায় সই করতে চায় না। দুই দেশের মধ্যে টিফা সইয়ের বিষয়ে ২০০৯ সালের অক্টোবরে সর্বশেষ আলোচনা হয়। আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেছিলেন, দেশের স্বার্থ রক্ষা করতে হলে টিফার খসড়ায় কিছু সংশোধনী আনার প্রয়োজন রয়েছে। টিফা সইয়ের প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় নতুন বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সর্ববৃহৎ বাজার যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৪০ শতাংশ।