অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ ১৩৭তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বিশ্বের ১৭৮টি দেশের এক তালিকায় বাংলাদেশ ১৩৭তম অবস্থানে রয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ‘মূলত মুক্ত নয়’।
যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন গোষ্ঠী হেরিটেজ ফাউন্ডেশন গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। হেরিটেজ ফাউন্ডেশন ও মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি তৈরি করে। এতে দেখা যায়, বাংলাদেশের স্কোর গত বছরের চেয়ে দশমিক ৬ ভাগ কমে এবার ৫৩ দশমিক ৩-এ দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আইনের শাসন ও মুক্ত অর্থনীতির ব্যাপারে উদ্বেগ রয়েছে। এ ছাড়া অনিশ্চিত এক নিয়ন্ত্রণমূলক পরিবেশ, দুর্বল অবকাঠামো এবং বেসরকারি খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তার অনুপস্থিতির কারণে সামগ্রিকভাবে উদ্যোক্তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূচকের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি খাতে বিনিয়োগ গত কয়েক বছরে ২১ থেকে ২২ শতাংশ কমে গেছে।’
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক দশকে দেশের মানুষের জন্য অর্থনৈতিক ও সামাজিক অর্জন সত্ত্বেও বাংলাদেশ এখনো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ রয়ে গেছে।