অর্থনৈতিক স্বাধীনতায় এগোল বাংলাদেশ
বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতার সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩১তম।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন এবং ওয়াল স্ট্রিট জার্নাল যৌথভাবে এই সূচক প্রকাশ করে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি করায় বাংলাদেশের এই অগ্রগতি হয়েছে।
২০১৩ সালে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩২তম। এর আগের বছর ছিল ১৩০তম।
২০১৪ সালে এই সূচকে বাংলাদেশের স্কোর ১.৫ পয়েন্ট বেড়েছে।
১৯৯৫ সাল থেকে অর্থনৈতিক স্বাধীনতার সূচক প্রকাশ করা হয়। মোট চারটি বৃহৎ বিষয় এখানে বিবেচনায় নেওয়া হয়। সেগুলো হলো আইনের শাসন, নিয়ন্ত্রণের দক্ষতা, সরকারের স্বল্প ভূমিকা এবং মুক্তবাজার। এবারের সূচকে ১৮৬টি দেশকে মোট পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়। এগুলো হলো মুক্ত (সমন্বিত স্কোর ৮০ বা এর ওপরে), অনেকটা মুক্ত (স্কোর ৭০ থেকে ৭৯.৯), অপেক্ষাকৃত মুক্ত (স্কোর ৬০ থেকে ৬৯.৯), প্রায় মুক্ত নয় (স্কোর ৫০ থেকে ৫৯.৯) এবং অবদমিত (৫০-এর নিচে)।
বাংলাদেশ আগেরবারের মতোই ‘প্রায় মুক্ত নয়’ শ্রেণিতে পড়েছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকার অভাবের কারণেই বাংলাদেশ এই শ্রেণিতে পড়েছে।
সূচকে অর্থনৈতিক স্বাধীনতার ১০টি ক্ষেত্র চিহ্নিত করা হয়। এগুলো হলো সম্পত্তি ভোগের অধিকার, দুর্নীতি থেকে মুক্তি, রাজস্ব খাতের স্বাধীনতা, সরকারি ব্যয়, ব্যবসায় স্বাধীনতা, শ্রমিকের স্বাধীনতা, মুদ্রা খাতের স্বাধীনতা, বাণিজ্যের স্বাধীনতা, বিনিয়োগের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা।
তবে প্রতিবেদনে বলা হচ্ছে, এই সূচক প্রকাশের ২০ বছরের ইতিহাসে বাংলাদেশ ছয়টি বিষয়ে এগিয়ে গেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা নাজুক। আবার সম্পত্তি ভোগের অধিকারও ব্যাপকভাবে সুরক্ষিত নয়।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪২টি দেশের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতার এই সূচকে বাংলাদেশের অবস্থান ২৭।