অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে দুই কোটি নারী: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা জানিয়েছেন।

রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার জন্য মন্ত্রণালয় ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি (আইজিএ) নামের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে দেশের সব উপজেলায় নারীদের প্রায় ১৮টি ট্রেডে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতাও দেওয়া হবে। এ ছাড়া আরও কিছু নতুন প্রকল্প গ্রহণ করেছে মন্ত্রণালয়।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। বিজ্ঞপ্তি